ক্যামেরুনে বোকো হারামের হামলায় ৬ সেনাসদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সেনাচৌকিতে জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনাসদস্য। গতকাল শনিবার স্থানীয় সময় ভোররাত চারটার দিকে নাইজেরিয়া সীমান্তসংলগ্ন সাগমে এলাকায় এ ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিআরটিভিকে ক্যামেরুনের উত্তরাঞ্চলের গর্ভনর বাকারি মিদজিয়াওয়া বলেন, ‘ভোররাত চারটায় বোকো হারামের যোদ্ধারা ছয়টি গাড়িতে করে এসে হামলা চালায়। তাদের সঙ্গে সংঘাতে আমাদের ছয় সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। এতে আরও চার সেনা আহত হন।’

তবে নিহত সেনাসদস্যের সংখ্যা আট বলে স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পুলিশের একটি সূত্র। পরিচয় গোপন রাখার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে একই তথ্য জানিয়েছে দুটি সেনা সূত্র।

বোকো হারামের সাবেক নেতা আবুবাকার শেকাউ মারা যাওয়ার পর থেকে জঙ্গি সংগঠনটি এই অঞ্চলে হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান লাজারে এনদোংগো এনদোংগো রয়টার্সকে বলেন, আবুবাকারের মৃত্যুর পর থেকে হামলার পরিমাণ বেড়েছে। এই অঞ্চল আগে বোকো হারামের অধীন ছিল। পরে তা সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি) দখল করে নেয়।

এএফপির খবরে বলা হয়, ২০০৯ সাল থেকে ক্যামেরুন এবং প্রতিবেশী দেশগুলোতে বোকো হারাম ও আইএসডব্লিউএপি জঙ্গিরা ৩৬ হাজারের বেশি মানুষ হত্যা করেছে। শুধু উত্তর–পূর্ব নাইজেরিয়াতে এই দুই গোষ্ঠীর হামলায় ঘরছাড়া হয়েছে ২০ লাখের বেশি মানুষ।