ক্যামেরুনে ১২৩ বোকো হারাম জঙ্গিকে হত্যা
ক্যামেরুনের উত্তরাঞ্চলে প্রতিবেশী দেশ চাদের সেনাবাহিনী বোকো হারামের ১২৩ জন জঙ্গিকে হত্যা করেছে। লড়াইয়ে তাদেরও তিন সেনা নিহত এবং ১২ সেনা আহত হয়েছে। গত শুক্রবার চাদের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
চাদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতি ও শুক্রবার কট্টর ইসলামপন্থী ওই জঙ্গিরা নাইজেরিয়ার সীমান্তবর্তী ক্যামেরুনের শহর ফোটোকলের কাছে হামলা চালায়। নাইজেরিয়ার শহর গামবরুতে নিজেদের অবস্থান থেকে বোকো হারাম মাত্র আধা কিলোমিটার দূরের ক্যামেরুনের শহর ফোটোকলে হামলা করে।
গত বুধবার ক্যামেরুনের নিরাপত্তা বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও নিশ্চিত করেন, নাইজেরিয়ায় বোকো হারামের দখলে থাকা শহরের বিপরীতে ক্যামেরুন সেনা মোতায়েন করেছে। এলাকাটি চাদ সীমান্তের কাছে অবস্থিত।
আগে চাদ জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে বৃহত্তর আঞ্চলিক জোট গঠনের আহ্বান জানায়। বোকো হারামের অব্যাহত হুমকির মুখে দেশটি গত ১৭ জানুয়ারি প্রতিবেশী ক্যামেরুনে সেনা ও সামরিক যান মোতায়েন করে।
চাদের প্রেসিডেন্ট উদ্রিস দেবি বোকো হারামের দখল থেকে চাদ লেকে অবস্থিত নাইজেরিয়ার কৌশলগত শহর বাগার দখল নেওয়ারও আশা প্রকাশ করেন।
শুক্রবার ইথিওপিয়ায় আঞ্চলিক জোট আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে সংস্থাটি বোকো হারামকে দমনে পাঁচ দেশের সমন্বয়ে সাড়ে সাত হাজার সেনার আঞ্চলিক বাহিনী গঠনের আহ্বান জানায়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সেনা মোতায়েনের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। গতকাল শনিবার আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মোকাবিলা করা উচিত।