ক্ষমতাধর সঙ্গী চায় স্ত্রী হনুমান

জয়ী এবং বীরকে সবাই ভালোবাসে। সমীহ করে। কাছে যেতে চায়। মানুষের মতো বানর প্রজাতির বেলায়ও এটি সত্য। বিশেষ করে স্ত্রী মুখপোড়া হনুমানের বেলায়। তারাও লড়াকু বীরকে ভালোবাসে। বিজয়ীর সঙ্গ চায়। নিরাপত্তা চায়।
এমন তথ্য উঠে এসেছে সুইজারল্যান্ডের একদল গবেষকের গবেষণায়। এতে দেখা গেছে, পুরুষ হনুমানগুলোর মধ্যে যারা ভালো লড়াই করে, তাদের প্রতি আকর্ষিত হয় স্ত্রী মুখপোড়া হনুমান। আর লড়াইগুলো হয় মূলত খাবারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে।
ওই গবেষক দলটি দক্ষিণ আফ্রিকায় দলবদ্ধ চারটি মুখপোড়া হনুমানের ওপর গবেষণা করে দুই বছর ধরে। এই গবেষকেরা হনুমানগুলোর বিভিন্ন সময়ের অবস্থান, লড়াইসহ সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
তাঁদের গবেষণা গতকাল বুধবার দ্য প্রোসিডিংস অব রয়াল সোসাইটি বি নামের একটি জার্নালে প্রকাশিত হয়। গবেষকেরা দেখতে পান, খাবার নিয়ে লড়াইয়ে যখন কোনো হনুমান দল জয়লাভ করে, তখন স্ত্রী হনুমানগুলো বিজয়ীদের প্রেমে পড়ে যায়। আর যেই দল পরাজিত হয় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে।
নারী সঙ্গ পাওয়া এবং আক্রমণাত্মক মনোভাব—এই দুটি বিষয় পুরুষ হনুমানগুলোর মধ্যে লড়াইয়ের মূল অনুঘটক হয়। গবেষণায় দেখা গেছে, স্ত্রী হনুমানগুলো মূলত সন্তান লালনপালন করে। তাদের উদ্বেগ থাকে খাবার ও নিরাপত্তা নিয়ে। পুরুষ হনুমানের যে দলটি লড়াই করে খাবারের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে, নারীরা সে দিকেই যায়।
পুরুষ মুখপোড়া হনুমানগুলো আকারে বড় হয়। তীক্ষ্ণ দাঁতও লম্বা হয়। দেহ ৬৮-৭০ সেন্টিমিটার, লেজ ৯৪-১০৪ সেন্টিমিটার। স্ত্রী হনুমানের দেহ ৫৯-৬৭ সেন্টিমিটার, লেজ ৭৮-৯০ সেন্টিমিটার। ওজনে পুরুষ ১১ দশমিক ৫ থেকে ১৪ এবং স্ত্রী ৯ দশমিক ৫ থেকে ১১ দশমিক ৫ কেজি।
গবেষকেরা দেখতে পেয়েছেন, কেবল যৌন সঙ্গ নয়, সামাজিক মর্যাদাও নারীদের পুরুষদের লড়াইয়ে নামার অন্যতম কারণ। কোনো নারী যখন কোনো পুরুষ হনুমানকে ছেড়ে যায়, তা পুরুষ হনুমানটির জন্য সামাজিকভাবে মর্যাদাহানিকর হয়ে ওঠে। আর বিজয়ী হলে সে নারীদের মাঝে প্রিয় হয়ে ওঠে।