গণভোটে বাড়তি মেয়াদ পেলেন রুয়ান্ডার কাগামে
মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে বাড়তি মেয়াদে দেশ শাসনের সুযোগ পাচ্ছেন। এ জন্য জনগণ দেশটির সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
গণভোটের ফল অনুযায়ী কাগামের ২০৩৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সম্ভব। রুয়ান্ডার জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কালিসা এমবান্দা বলেন, ৭০ শতাংশ ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৮ দশমিক ১ শতাংশ।
রুয়ান্ডার সংবিধান পাল্টানোর এ উদ্যোগের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তবে রুয়ান্ডার সরকারপন্থী সংবাদপত্র নিউ টাইমস লিখেছে, জনগণ সংবিধান পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।
সংবিধান বদলের মাধ্যমে কাগামে এখন তৃতীয় দফায় আরও সাত বছর মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০১৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ওই মেয়াদ শেষে নতুন আইন কার্যকর হবে এবং তিনি পাঁচ বছর করে আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য হবেন। ২০০০ সাল থেকে কাগামে রুয়ান্ডার প্রেসিডেন্ট। তবে ১৯৯৪ সালেই তিনি দেশটির ক্ষমতা দখল করেন।
প্রেসিডেন্টদের ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধন নিয়ে বুরুন্ডি ও কঙ্গো প্রজাতন্ত্রে অস্থিতিশীলতা দেখা দিলেও রুয়ান্ডায় তা ঘটেনি।