গরুচোর ঠেকাতে উগান্ডায় নতুন উদ্যোগ
‘চোর পালালে বুদ্ধি বাড়ে’—এ কথা যেন বাস্তবে রূপ নিল উগান্ডায়। সেখানে গরুচোর ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের মোরোতো জেলায় কেউ চাইলেই দোকান বা ফুটপাত থেকে পাঁচটি বা তার বেশি রুটি বা রুটিজাতীয় আরেক খাবার চাপাতি কিনতে পারছেন না।
পুলিশ ধারণা করছে, বাড়তি এ খাবার খাওয়ানো হচ্ছে চোরদের। এ কারণে কেউ পাঁচটির বেশি চাপাতি কিনলেই আটক করছে পুলিশ। উগান্ডা রেডিও নেটওয়ার্কের (ইউআরএন) বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
মোরোতো জেলা উগান্ডার কারামোজা অঞ্চলভুক্ত। এ অঞ্চলের পুলিশের মুখপাত্র মাইকেল লংগোল বলেন, ‘আমাদের কাছে তথ্য এসেছে, যাঁরা বেশি চাপাতি কিনছেন, তাঁরা জঙ্গলে লুকিয়ে থাকা অস্ত্রধারীদের কাছে নিয়ে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, গবাদিপশু চুরির সঙ্গে যুক্ত এসব লোকের খাবার সরবরাহ বন্ধ করে দিলে তারা বেরিয়ে আসবে এবং এবং তাদের কাছে থাকা অস্ত্র নিরাপত্তা বাহিনীর কাছে জমা দিতে বাধ্য হবে।
তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্থানীয় শান্তিকর্মী মার্ক কোরিয়াং। তিনি বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ কাজে আসবে না। এসব অস্ত্রধারী চাপাতি না খেয়েও টিকে থাকতে সক্ষম হবে। স্থানীয় আরেক বাসিন্দা ইউআরএনকে বলেছেন, নিরাপত্তাহীনতা দূর করতে নিরাপত্তা কর্মকর্তাদের স্থানীয় লোকজনের সঙ্গে কাজ করা প্রয়োজন।
উগান্ডায় নিরস্ত্রীকরণ কর্মসূচি পরিচালনা করছে সেনাবাহিনী। সেনা ইউনিটের মুখপাত্র এড্রিন মাওয়ান্ডা বলেন, গত ১৭ জুলাই থেকে নিরস্ত্রীকরণ মহড়া শুরু হওয়ার পর থেকে পুরো অঞ্চলে ৫৮টি বন্দুক উদ্ধার করা হয়েছে।