লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত পার্লামেন্ট গত সোমবার একটি বিতর্কিত আইন স্থগিত করার পক্ষে রায় দিয়েছে। এর ফলে দেশটির সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির আমলের কর্মকর্তাদের রাজনীতিতে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।
এদিকে লিবিয়ার বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে শিগগিরই শান্তি আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
২০১৩ সালের মে মাসে চাপের মধ্যে আইনটি পাস করা হয়েছিল। ওই সময়ে রাজধানী ত্রিপোলিতে পার্লামেন্ট সদস্যদের অবরুদ্ধ করে রেখেছিল বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।
নির্বাচিত যে পার্লামেন্টে সোমবারের ভোটাভুটি হয়, সেটি লিবিয়ার পূর্বাঞ্চলের তোবরুক শহরভিত্তিক। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ইসলামপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ত্রিপোলির নিয়ন্ত্রণে থাকায় নির্বাচিত পার্লামেন্ট ওই শহর থেকেই কার্যক্রম চালাচ্ছে।
ইব্রাহিম আলঘেইদ নামের একজন এমপি বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে একঘরে করে রাখার ওই আইন বাতিলের পক্ষে রায় দিয়েছি।’ তারেক আল-জারুশি নামের আরেকজন এমপি জানান, একটি স্থায়ী সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত ওই আইন স্থগিত থাকবে।
তবে পার্লামেন্টের এ রায় কীভাবে বাস্তবায়িত হবে, তা স্পষ্ট নয়। কারণ, রাজধানী ত্রিপোলি বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় তোবরুক শহরভিত্তিক পার্লামেন্টের বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। ইসলামপন্থীদের নেতৃত্বাধীন ফজর লিবিয়া গ্রুপ সেপ্টেম্বরে রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়ার পর আগের পার্লামেন্ট পুনর্বহাল করে পাল্টা সরকার গঠন করে। তারা তোবরুকের পার্লামেন্টকে স্বীকারই করে না।
প্রধানমন্ত্রীকে বাধা: লিবিয়ার কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থিনি গত রোববার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি সফরে গেলে তাঁকে বাধা দেয় জেনারেল খলিফা হাফতারের অনুগত সেনারা। আবদুল্লাহকে বহনকারী উড়োজাহাজটিকে প্রথমে বেনগাজি বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল না। তবে শেষ পর্যন্ত তিনি বেনগাজিতে অবতরণ করে মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক করেন। ইসলামপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে লড়তে আবদুল্লাহর সরকার ও জেনারেল খলিফার মধ্যে চুক্তি রয়েছে। রোববারের ঘটনা তাদের মধ্যে মতভেদের আভাস দিল।
‘শান্তি আলোচনা শিগগিরই’: লিবিয়ার বিবদমান পক্ষগুলো ও তাদের সমর্থিত দুটি সরকারের মধ্যে কয়েক দিনের মধ্যেই শান্তি আলোচনা শুরু হবে। জাতিসংঘের বিশেষ দূত বারনাদিনো লিয়ন গত সোমবার ত্রিপোলিতে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। গত মাসে সুইজারল্যান্ডের জেনেভায় উভয় পক্ষের জ্যেষ্ঠ প্রতিনিধিদের একসঙ্গে বসানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল।
যুক্তরাষ্ট্র-সমর্থিত বিদ্রোহে চার বছর আগে লিবিয়ার দীর্ঘদিনের শাসক গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। এর পর থেকেই দেশটিতে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা চলে আসছে।