গাম্বিয়াকে ইসলামি রাষ্ট্র ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ তাঁর দেশকে ‘ইসলামি রাষ্ট্র’ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দেশটিতে সংখ্যালঘু খ্রিষ্টানদের অধিকার থাকবে এবং নারীদের পোশাকের ওপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করা হবে না। খবর এএফপির।
গাম্বিয়ার উপকূলীয় শহর ব্রুফুতে গত বৃহস্পতিবার এক জনসভায় ওই ঘোষণা দেন প্রেসিডেন্ট জামেহ। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে খবরটি প্রচার করা হয়। প্রেসিডেন্ট জামেহ জনসভায় বলেন, ‘গাম্বিয়ার ভাগ্য সর্বশক্তিমান আল্লাহর হাতে। আজ থেকে এটি ইসলামি রাষ্ট্র। আমরা এখানে নাগরিক অধিকারকে সম্মান করব।’
তবে এই ঘোষণার মধ্য দিয়ে দেশে কী কী পরিবর্তন হবে, তা স্পষ্ট করেননি গাম্বিয়ার প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ‘আমি কাউকে ইসলামি পুলিশ হিসেবে নিয়োগ দিইনি। নারীরা কী পোশাক পরবেন, তা নিয়ে মাথা ঘামাতে হবে না।’
দারিদ্র্যপীড়িত সাবেক ব্রিটিশ উপনিবেশ গাম্বিয়ার জনসংখ্যা প্রায় ২০ লাখ। তাদের ৯০ শতাংশই মুসলিম। বাকি ৮ শতাংশ খ্রিষ্টান এবং ২ শতাংশ আদিবাসী। সামরিক কর্মকর্তা ও সাবেক কুস্তিগির ইয়াহিয়া জামেহ ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সেই থেকে তিনি কঠোর হাতে দেশ চালাচ্ছেন।