গাম্বিয়ার অর্থভান্ডার 'শূন্য' করে দিয়ে গেছেন জামেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাম্বিয়ার ক্ষমতাচ্যুত নেতা ইয়াহিয়া জামেহ নির্বাসনে গেছেন। তবে শেষ সপ্তাহে রাষ্ট্রীয় তহবিল থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বেশি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এতে দেশটির অর্থভান্ডার প্রায় ‘শূন্য’ হয়ে পড়েছে। নতুন প্রেসিডেন্ট আদামা বারোর সহযোগী মাই আহমাদ ফাত্তি এ কথা জানিয়েছেন।

আহমাদ ফাত্তি সেনেগালের রাজধানী ডাকারে সাংবাদিকদের বলেন, গাম্বিয়ার রাষ্ট্রীয় তহবিল থেকে গত দুই সপ্তাহে ১ কোটি ১০ লাখ ডলার লুট হয়েছে। নতুন প্রশাসন এটা জানতে পেরেছে। ফলে তারা অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেই দেশটির দায়িত্ব নিতে যাচ্ছে। প্রেসিডেন্ট আদামা বারো যত শিগগির সম্ভব গাম্বিয়ায় ফিরতে চান। অবশ্য দেশটির নিরাপত্তা এখনো নাজুক অবস্থায় রয়েছে। তাই নতুন সরকার চায় পশ্চিম আফ্রিকার দেশগুলোর (ইকোওয়াস) সেনাবাহিনী আরও কিছুদিন গাম্বিয়ায় থাকুক। বারো নিজ দেশের পুলিশ ও সেনাবাহিনীর আনুগত্য নিশ্চিত করতে চান।

আদামা বারোকে গাম্বিয়ায় স্বাগত জানাতে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশের সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে। তিনি প্রতিবেশী দেশ সেনেগালে আশ্রয় নিয়েছেন। জামেহ গত শনিবার দেশ ছাড়তে বাধ্য হন। এ সময় তাঁর বিমানে বিলাসবহুল একাধিক গাড়ি ও অন্যান্য সামগ্রী তুলতে দেখা যায়। তিনি ২২ বছর গাম্বিয়া শাসন করেছেন। ক্ষমতা ছাড়ার পর তিনি ইকুয়াটোরিয়াল গিনিতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করবেন বলে ধারণা করা হচ্ছে।

সেনেগালসহ কয়েকটি দেশের সেনারা গত রোববার গাম্বিয়ায় প্রবেশ করেছেন। তাঁরা দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোকে দেশে ফিরে ক্ষমতা গ্রহণের সময় নিরাপত্তা দেবে। বারো অন্তত এক সপ্তাহ সেনেগালে অবস্থান করেন এবং সেখানে গাম্বিয়ার দূতাবাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি গত ১ ডিসেম্বরের নির্বাচনে জামেহর বিরুদ্ধে জয়লাভ করেন। কিন্তু জামেহ এই ফলাফল প্রত্যাখ্যান করে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেন। এতে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। প্রতিবেশী দেশগুলোর নেতারা ইয়াহিয়া জামেহর সঙ্গে সমঝোতার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা করেন। প্রয়োজনে গাম্বিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতিও তাঁরা নিয়েছিলেন।