গাম্বিয়ার ইয়াহিয়া জামেহ অবশেষে নির্বাসনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য সামরিক সংঘাতের উত্তেজনার মধ্যে অবশেষে গাম্বিয়া ছাড়লেন দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। গত শনিবার রাতে রাজধানীর বানজুল বিমানবন্দর থেকে একটি ছোট বিমানে করে দেশ ছাড়েন তিনি। এর মাধ্যমে দেশটির রাজনৈতিক সংকটের অবসান হলো বলে মনে করা হচ্ছে।

আফ্রিকার আঞ্চলিক নেতারা ইয়াহিয়া জামেহকে ক্ষমতা ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তাঁর পক্ষে সমর্থন ছিল না সেনাবাহিনীরও। নির্বাসনে যাওয়ার মাধ্যমে গাম্বিয়ায় ইয়াহিয়া জামেহর ২২ বছরের শাসনের অবসান হলো।

জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াস। এই সময়ের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁকে শক্তি প্রয়োগ করে ক্ষমতা থেকে উচ্ছেদের হুঁশিয়ারি দেওয়া হয়। এই চাপের মুখে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন জামেহ। তাঁকে বহনকারী বিমানটি প্রথমে পশ্চিম আফ্রিকার দেশে গিনিতে পৌঁছায়। সেখান থেকে তিনি মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে যান। সেখানেই নির্বাসনে থাকবেন জামেহ।

ইয়াহিয়া জামেহ গত ১ ডিসেম্বরের নির্বাচনে আদামা বারোর কাছে হেরে গেলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান। একপর্যায়ে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করেন। এতে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পশ্চিম আফ্রিকার অন্য দেশগুলোর নেতারা তাঁকে ক্ষমতা না ছাড়লে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন।