গাম্বিয়ার প্রেসিডেন্টকে হটাতে প্রস্তুত প্রতিবেশী দেশের সেনারা
আফ্রিকার আঞ্চলিক নেতারা গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে ক্ষমতা ছাড়ার জন্য বুধবার মধ্যরাত পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু তিনি সেটা উপেক্ষা করায় সেনেগালের সেনাবাহিনী অন্যান্য দেশের সমর্থন নিয়ে গতকাল বৃহস্পতিবার গাম্বিয়ায় প্রবেশের চেষ্টা চালায়।
প্রেসিডেন্ট জামেহ গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে আদামা বারোর কাছে হেরে যাওয়ার পরও জরুরি অবস্থা জারি করে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন। এই সংকট নিরসনে প্রতিবেশী দেশগুলো কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে সামরিক পদক্ষেপ নিতে চলেছে। নাইজেরিয়া ইতিমধ্যে সেনেগালে যুদ্ধবিমান ও সেনা পাঠিয়েছে।
আদামা বারো সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে বার্তা দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সেনেগালে গাম্বিয়ার দূতাবাসে এ অনুষ্ঠান হবে। সাধারণ জনগণ এতে আমন্ত্রিত।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাম্বিয়ার রাজধানী বানজুলের পরিস্থিতি বুধবার রাত থেকে শান্ত রয়েছে। সরকার সেখানে সেনা মোতায়েন করেছে।