গাম্বিয়ার সাধারণ নির্বাচনে অবাক ফল!
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার সাধারণ নির্বাচনে দেশটিতে ২২ বছর ধরে ক্ষমতাসীন কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহর পরাজিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আদামা ব্যারো ৪৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই ফলাফলে অনেকেই অবাক হয়েছেন।
দেশটির নির্বাচন কমিশনের প্রধান অ্যালিউ মোমার বলেছেন, জামেহ পরাজয় স্বীকার করে নিয়েছেন।
জামেহ ১৯৯৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে গাম্বিয়ার ক্ষমতায় আসেন। ১৯৬৫ সালে স্বাধীন হওয়ার পর থেকে দেশটিতে কখনো ক্ষমতার মসৃণ পালাবদল হয়নি।
গতকাল বৃহস্পতিবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হয় আজ শুক্রবার। এতে আদামা ব্যারো দুই লাখ ৬৩ হাজার ৫১৫টি ভোট পান। যা মোট ভোটের ৪৫ দশমিক ৫ শতাংশ। আর প্রেসিডেন্ট জামেহ পান দুই লাখ ১২ হাজার ৯৯টি ভোট। যা মোট ভোটের ৩৬ দশমিক ৭ শতাংশ ভোট। তৃতীয় দলের প্রার্থী মামা কান্দেহ পান এক লাখ ২ হাজার ৯৬৯টি ভোট।
ফল প্রকাশের পর নির্বাচন কমিশনের প্রধান অ্যালিউ মোমার বলেন, ‘জয়ের উদ্যাপন হবে, পরাজয়ের হতাশাও থাকবে। তবে আমরা সবাই জানি, আমরা সবাই গাম্বিয়ার জনগণ।’
নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা ব্যারো নিজের একটি আবাসন প্রতিষ্ঠান চালান। তিনি লন্ডনের একটি দোকানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন বলে জনশ্রুতি রয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন, যে অর্থনৈতিক সংকটের জন্য দেশটির কয়েক হাজার নাগরিক বিপজ্জনক ইউরোপ যাত্রায় বাধ্য হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারো সাতটি দলের জোটের নেতৃত্ব দিচ্ছেন। স্বাধীনতার পর এটিই সবচেয়ে বড় বিরোধী জোট ছিল।
নির্বাচনের এই ফলাফলে বিস্ময়ের কারণ হলো নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিষিদ্ধ করা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট সংযোগ। সব মিলিয়ে সবার ধারণা ছিল ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে মরিয়া প্রেসিডেন্ট জামেহ। নির্বাচন কমিশন তাঁর পরাজয়ের ঘোষণা দিল, সঙ্গে জানিয়ে দিল ২২ বছর ধরে ক্ষমতাসীন জামেহ পরাজয় মেনেও নিয়েছেন!