গিনি বিসাউয়ে অভ্যুত্থানচেষ্টায় বহু নিহত: প্রেসিডেন্ট এমবালো

গিনি বিসাউয়ের প্রেসিডেন্টের প্রাসাদে পাহারা দিতে দেখা যায় সেনাদের
ছবি: এএফপি

পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ে এক অভ্যুত্থানচেষ্টায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো। পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন তিনি। খবর বিবিসির।
প্রেসিডেন্ট এমবালো এই অভ্যুত্থানচেষ্টাকে ‘গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা’ হিসেবেও অভিহিত করেছেন।  

গতকাল মঙ্গলবার গিনি বিসাউর রাজধানী বিসাউয়ে একটি সরকারি ভবনের কাছে গুলির শব্দ শোনা যায়। ভবনটিতে সে সময় মন্ত্রিসভার বৈঠক চলছিল। আর তখন প্রেসিডেন্ট সেখানে ছিলেন বলে খবর পাওয়া যায়। প্রেসিডেন্ট ও তাঁর মন্ত্রীদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেছে বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

স্থানীয়ভাবে আসা বিভিন্ন প্রতিবেদনে পরে জানা যায়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র বন্দুকধারীরা যখন সরকারি প্রাসাদে হামলা চালায়, তখন প্রেসিডেন্ট এমবালো প্রাসাদের ভেতরে প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়ামের সঙ্গে বৈঠক করছিলেন।

নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বিবিসিকে জানায়, সাদাপোশাকে থাকা বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করে। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিম আফ্রিকার আঞ্চলিক নেতারা এ ঘটনাকে ‘অভ্যুত্থানচেষ্টা’ আখ্যা দিয়েছেন। তাঁরা সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে গতকাল আসলেই গিনি বিসাউয়ে কী ঘটেছে, তা এখনো অস্পষ্ট। বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি এবং কতজন নিহত হয়েছে, তার প্রকৃত সংখ্যাও প্রেসিডেন্ট দেননি।

গতকাল সন্ধ্যায় প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো বলেন, ‘সুসংগঠিত’ এ হামলার পেছনে মাদক চোরাচালানিরা জড়িত থাকতে পারে। তবে বিষয়ে বিশদে তিনি কিছু বলেননি।

২০১৯ সালের ডিসেম্বর মাসে নির্বাচনে জয়ী হন প্রেসিডেন্ট এমবালো।