গিনিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮
মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৬১৫ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে ২৯৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়, গিনির প্রধান শহর বাটায় স্থানীয় সময় রোববার সেনাবাহিনীর ব্যারাকের কাছে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী কৃষকদের জমা করে রাখা খরকুটোতে আগুন লেগে পরিস্থিতি আরও ভয়াবহ ওঠে।
সোমবার ধ্বংসস্তূপের মধ্যে মৃতদেহ খোঁজ করেন স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে ৩১ জন নিহত হন বলে ধারণা করা হলেও উদ্ধার অভিযানের পর তা বেড়ে দাঁড়ায় তিন গুণের বেশি।
তিনটি শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণে শহরের অনেক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গিনির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং নাগুয়েমা।
এক বিবৃতিতে তিনি জানান, এনকোয়ানতোমা সামরিক ঘাঁটিতে ডিনামাইটের মজুতে অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে।
প্রেসিডেন্ট ওবিয়াং নাগুয়েমা আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যারাকের চারপাশে কৃষকেরা জমিতে আগুন জ্বালিয়েছিলেন। এ কারণেও বিস্ফোরণ হতে পারে।
টুইটে স্বাস্থ্য মন্ত্রণালয় বাটার আঞ্চলিক হাসপাতালে যেতে স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি হতাহতদের রক্তদান করার জন্যও আহ্বান জানিয়েছেন। ভুক্তভোগীদের মানসিক সহায়তা দেওয়া হবে বলেও মন্ত্রণালয় জানায়।
সরকারি টিভির খবরে দেখা গেছে, হতাহত লোকজনকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জায়গার অভাবে হাসপাতালের মেঝেতে পড়ে থাকতে দেখা যায় অনেক আহতকে।
স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি। আমরা ধোঁয়া দেখেছি। তবে আমরা জানি না ঠিক কী ঘটেছে।’
ফ্রান্সের রাষ্ট্রদূত অলিভার ব্রোচেনিন এক টুইটে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এই বিস্ফোরণের ঘটনা বিপর্যয়কর বলে মন্তব্য করেন।
সোমবার স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী আরানচা গনজালেজ জানিয়েছেন, স্পেন দ্রুত মানবিক সহায়তা পাঠানোর ব্যবস্থা নিচ্ছে। ১৯৬৮ সালে গিনি স্বাধীন হয়। এর আগে দেশটি স্পেনের উপনিবেশ ছিল।