গুলির মধ্যেই চলছে জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপোলির এক রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে খাবার। ছবি: এএফপি
ত্রিপোলির এক রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে খাবার। ছবি: এএফপি

এই চলে যাচ্ছে সাঁজোয়া যান। ওই তো তল্লাশি চৌকি। এর মধ্যেই চলছে হুটহাট গোলাগুলি। দৈনন্দিন জীবনের ছকবাঁধা জীবনের সঙ্গে যেন মিশে গেছে এই ডামাডোল। এটাই যেন এখন লিবিয়ার রাজধানী ত্রিপোলির আটপৌরে জীবন। এই নগরের মানুষ এখন আর চমকে ওঠে না গুলির শব্দে। বরং পরিবেশটার সঙ্গে মানিয়ে নিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করছে স্বাভাবিক জীবনে।

প্রতিদিন জীবনের প্রয়োজনে ঘর ছেড়ে রাস্তায় বের হয় নগরবাসী। থেমে থাকে না কিছুই। তাঁদেরই একজন ১৯ বছরের তরুণ মোহাম্মদ। ভূমধ্য সাগরের নীল জলের দিকে চোখ রেখে বসে ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি সৈকতে একটি দোকান চালান। মোহাম্মদ বলেন, ত্রিপোলির মানুষ শান্তিতে থাকতে চায়। এখন সে চেষ্টাই করে যাচ্ছে তারা।

উত্তর আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়ায় গাদ্দাফির শাসনের অবসান হয়েছে চার বছর আগে। তখন থেকে ক্ষমতার জন্য লড়ছে জঙ্গি ও সরকার-সমর্থিত বাহিনী। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এখানে শাখা বিস্তার করেছে। এর মধ্যে তারা কয়েকটি হামলাও চালিয়েছে।

রক্তপাত, হামলা, সহিংসতা থেকে যেন মুক্তি নেই ত্রিপোলির মানুষের। তবু চলছে জীবনের চাকা। তারাও নিজের মতো করে একটু ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে।

সাগর তীর থেকে তিন কিলোমিটার দূরের শহর গারগারিশ। সেখানে রয়েছে হরেক দোকান, বুটিক ও রেস্তোরাঁ। এই শহরের রাস্তায় মানুষের ভিড় লেগেই আছে। আছে যানজট

রংবেরঙের পোশাকে ঘুরে বেড়ায় নানা বয়সী নারী, পুরুষ ও শিশু। কেনাকাটা করে। পরস্পর সুখ-দুঃখের কথা বলে। ত্রিপোলি বন্দরও সচল। আমদানি ও রপ্তানি কাজে ব্যস্ত। তেলসমৃদ্ধ দেশ বলে খুব সস্তায় মেলে জ্বালানি। খাওয়াদাওয়ায় অল্প খরচা। ত্রিপোলিতে খুব কমই বিদ্যুৎ যায়। বৈদ্যুতিক সামগ্রীর দামও কম। বেশির ভাগ পণ্য চীন থেকে আমদানি হয়।

গারগারিশ শহরে এক রেস্তোরাঁয় কাজ করেন আনাস। তিনি বলেন, অস্থিরতা রয়েছে। আছে ভয়-যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। সংঘর্ষ হতে পারে। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আছে। রাতবেরাতে সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যায় না।

লিবিয়ার সাদেক ইনস্টিটিউটের বিশ্লেষক আনাস এল গোমাতি বলেন, লিবিয়ার মানুষ রাজনৈতিক সমাধান চায়। চলমান এই গৃহযুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় তারা।

ত্রিপোলির পূর্বাঞ্চলে মিতিগা বিমানবন্দরের ব্যবসায়ী রাজার কথা শুনলে বোঝা যায় ত্রিপোলিবাসী আসলে কেমন আছে। তিনি বলেন, বছর খানেক আগে এক দোকানে কয়েকজন বন্দুকধারী হামলা চালায়। দোকানের মালিককে তারা অপহরণ তরে। এ সময় সেখানে রাজাকে তারা হত্যা করবে বলে হুমকি দেয়। মারধর করে। ভয়ে রাজা দেশ ছেড়ে চলে যান।

এক বছর পরে রাজা আবার ফিরে আসেন ত্রিপোলিতে। স্রেফ ভালোবাসার টানে। তাঁর বিশ্বাস, দেশে আবার শান্তি ফিরে আসবে। সেই আশাতেই দিন কাটাচ্ছেন তাঁরা। এএফপি অবলম্বনে