গোধূলি উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্নে বিকেল থেকেই জমে উঠছে ‘টোয়াইলাইট ফেস্টিভ্যাল’। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী
মেলবোর্নে বিকেল থেকেই জমে উঠছে ‘টোয়াইলাইট ফেস্টিভ্যাল’। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী

গোধূলি উৎসব নামটার মধ্যে কেমন একটা মন ভালো করে দেওয়া ব্যাপার রয়েছে। গোধূলির সময় আকাশের বিচিত্র রং, আলো-আঁধারি মিলিয়ে দারুণ একটা ব্যাপার হয় বটে। কিন্তু সেই গোধূলিবেলা ঘিরে উৎসব। কেমন সেটা?

আগের দিন রাস্তা পার হওয়ার সময় দেখেছি বিলবোর্ডটা। আসছে ‘টোয়াইলাইট ফেস্টিভ্যাল’। সময় বিকেল চারটা থেকে রাত আটটা। বিলবোর্ডের ছবিতে দৃশ্যমান আতশবাজি। উৎসবের জায়গাও খুব দূরে নয়। ডিকিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মনে মনে ভাবছিলাম একবার ঘুরে এলে মন্দ কী।

গোধূলি উৎসবে মানুষের ভিড়। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী
গোধূলি উৎসবে মানুষের ভিড়। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী


কিন্তু বড় ভাবি সালমা বিনতে শফিকের পিএইচডি থিসিস জমা দেওয়ার শেষ মুহূর্তের অভাবনীয় ব্যস্ততা। এর মধ্যে কি ওসব মামুলি উৎসব নিয়ে মাতামাতি চলে? বড় ভাই তারিকুল হাসান চৌধুরী ডিকিন বিশ্ববিদ্যালয়েরই পোস্ট ডক্টরাল ফেলো। তাঁকে একবার বলব কি না—ভাবছি। এর মধ্যেই তাঁদের একমাত্র মেয়ে নাজিফার স্কুল ছুটি হয়ে গেল। তাতেই উপলক্ষÿমিলল। পরদিন দুপুরবেলা বড় ভাই-ভাবি নিজেই এসে বললেন, ‘চল, “টোয়াইলাইট ফেস্টিভ্যাল” দেখে আসি।’

গোধূলি নামছে উৎসবে। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী
গোধূলি নামছে উৎসবে। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী

অতএব চললাম। ১৮ সেপ্টেম্বর বসন্তের বিকেলে গাড়ি ছুটল বক্সহিল থেকে বারউডের পথে, গন্তব্য ডিকিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উৎসব জমে উঠেছে রোদ ফুরোবার আগেই। সবার হাতে হাতে উড়ছে রঙিন বেলুন। বাঙ্গি জাম্প, ফান রাইড, ঘুরন্ত নাগরদোলা। উৎসবের আয়োজন মূলত শিশু-কিশোরদের নিয়েই। কিন্তু বড়রাও পিছিয়ে নেই। নির্বিকার দাঁড়িয়ে যাচ্ছেন বাচ্চাদের লাইনে। মেলবোর্নে স্কুল ছুটির মৌসুম চলছে। তার ওপর এই উৎসব সবার জন্য উন্মুক্ত। সব মিলিয়ে ছোট-বড় সবাই শামিল উৎসবে। এসেছেন বিশ্ববিদ্যালয়ের নানান দেশি ছাত্রছাত্রীরাও। মজার সব রাইড সবার জন্য একদম ফ্রি। নাজিফা ঝট করে মিশে গেল সেই ভিড়ে। ভাই-ভাবিও মেলবোর্নে তাঁদের কাছের মানুষ ইশরাত আপা আর নবীন ভাইকে পেয়ে গেলেন চোখের পলকে। মুনিরুল নবীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতী ছাত্র। এখন শিক্ষকতা করছেন ডিকিন বিশ্ববিদ্যালয়েই। একটা ঘুরন্ত রাইডে আমি আর বড় ভাই উঠব কি না ‘কিন্তু কিন্তু’ করছি। তিনি অবলীলায় দাঁড়িয়ে গেলেন ছেলে মিহিরকে নিয়ে। দেখাদেখি বাকিরাও।

উৎসবের বিভিন্ন রাইডে ওঠার জন্য ছোট-বড়দের সারি। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী
উৎসবের বিভিন্ন রাইডে ওঠার জন্য ছোট-বড়দের সারি। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী


দূর থেকে আমাদের বাংলাদেশি দলটাকে দেখে ছুটে এলেন আরেকজন। ডক্টর দেবদুলাল মল্লিক! এতক্ষণ অজি আর চৈনিক চেহারার লোকদের দাপট দেখছিলাম চারপাশে। এবার বাংলাদেশিদের দলটাও ভিনদেশের এই উৎসবে বেশ বড় হয়ে গেল।

একদম যারা পুঁচকে, তিন কি চার বছর বয়সী—তাদের জন্যও উৎসবে আছে দারুণ সব ব্যাপার। সত্যিকার ছাগল-ভেড়া আর নানা রকম পশুপাখি নিয়ে এসেছে একটি দল। পুঁচকেদের দল সেই সব পশুপাখি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। তাদের চোখে বর্ণমালার বইয়ে দেখা ছবির জিনিস জলজ্যান্ত চোখের সামনে দেখার বিস্ময়।

উৎসবে আসা শিশুরা পশুপাখিদের সঙ্গে খেলছে। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী
উৎসবে আসা শিশুরা পশুপাখিদের সঙ্গে খেলছে। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী

বিনা পয়সার গ্যাস বেলুনের লাইনটা বেশ লম্বা। কিন্তু সেটা দ্রুত এগোচ্ছে। মিনিট পাঁচেকের মাথায় স্বেচ্ছাসেবকেরা দু-দুটো হলুদ-নীল ঝলমলে বেলুন ধরিয়ে দিল। বেলুনের ভেতরের গ্যাস বেশ জোরদার। সেই জোরে সেটা সাঁই সাঁই করে শুধু ওপরের দিকে উঠতে চায়। মন্দ নয়! নাজিফা বেলুন হাতে নেওয়ার ঝামেলায় গেল না। রাইডের লম্বা লাইনে বিরক্ত হয়ে গেল আইসক্রিম কিনতে। এর মধ্যে এসে হাজির বুদ্‌বুদ ছিটানো রঙিন রণপা। রূপকথার চরিত্রের সাজে সেজেছেন তাঁরা। বাচ্চারা জেঁকে ধরল তাঁদের।

রাতের আকাশে আলোর ফুলঝুরি। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী
রাতের আকাশে আলোর ফুলঝুরি। ছবি: ইকবাল হোসাইন চৌধুরী

বিনা পয়সায় মজার সব রাইড হলো, বেলুন ওড়ানো হলো কিন্তু আতশবাজি? বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। রাত আটটা বাজার মিনিট দশেক আগেই হঠাৎ রাতের আকাশে আলোর ফুলঝুরি। একের পর এক আকাশের দিকে উঠে যাচ্ছে উজ্জ্বল বর্ণিল আলো। তারপর ভেঙে পড়ছে উজ্জ্বল আলোর কণা হয়ে। টানা মিনিট পনেরো চলল মেলবোর্নের আকাশে বর্ণিল আলোর ঝলকানি। উৎসব ফুরোল একদম সময়মতো। আমরা যখন ফিরছি শীত আরও একবার জেঁকে বসেছে মেলবোর্নে।