ঘানায় পেট্রলপাম্পে আগুনে নিহত অন্তত ৯০
ঘানার রাজধানী আক্রার একটি পেট্রলপাম্পে আগুন লেগে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
ঘানার জরুরি পরিষেবা দপ্তর গতকাল বৃহস্পতিবার জানায়, এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আক্রান্ত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন ওই পেট্রলপাম্পে। পাম্পটি আক্রার কোয়ামি নকরুমা এলাকায় অবস্থিত। পাশের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয় বলে মনে করা হচ্ছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, কেবল ফায়ার সার্ভিসই ৭৩টি মৃতদেহ উদ্ধার করেছে। এর কিছু সময় আগে রেডক্রসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ক ফ্রান্সিস ওবেং জানান, মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।
স্থানীয় হাসপাতালগুলো পুড়ে যাওয়া মানুষে ভরে যায়। নিরাপত্তা কর্মকর্তারা বলেছিলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে বেশ কয়েকটি পোড়া মোটরবাইক দেখা গেছে। আগুন লাগার পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় পুরো রাজধানীজুড়ে।