চায়ের দাম নিয়ে বিতণ্ডা, পুলিশের গুলিতে দোকানির মৃত্যু
মিশরে চায়ের দাম নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে পুলিশের গুলিতে এক চা দোকানি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবারের এ ঘটনায় আরও দুজন আহত হন। খবর বিবিসি অনলাইনের।
অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। এ ঘটনার পর মিশরের রাজধানী কায়রোতে কয়েক শ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কায়রোর রিহাব শহরের পূর্বাঞ্চলে পুলিশের কয়েকজন সদস্য চা পান করতে গিয়ে চায়ের দাম নিয়ে দোকানির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক পুলিশ সদস্য গুলি ছোড়েন। এতে ওই চা দোকানদার নিহত এবং আরও দুই পথচারী আহত হন। এর পরপরই সেখানে লোকজন বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী দমন করতে দুই গাড়ি দাঙ্গা পুলিশ পাঠানো হয়েছে।
গত কয়েক মাসে মিশরে পুলিশের বিরুদ্ধে এ ধরনের আরও বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। যে কারণে দেশটির নাগরিকেরা পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছেন।