জাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলমার গল্পটা যেন রবার্ট ব্রুসের মতোই। যিনি একের পর এক পরাজয়েও দমে যাননি। অধ্যবসায়ের ফলে সফল হয়েছিলেন। জাম্বিয়ার ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউপিএনডি) নেতা হিচিলমা প্রেসিডেন্ট নির্বাচনে পাঁচবার পরাজয়ের পর এবার জয়ী হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এডগার লুঙ্গুকে ১০ লাখের বেশি ভোটে হারিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী হিচিলমা নিজেকে রাখাল হিসেবে পরিচয় দেন। তিনি কিশোর বয়সে পরিবারের গবাদিপশু চড়াতেন। পরে দেশটির অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী হিচিলমা রাজনীতিতে আসার আগে একটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পদে ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আবাসন, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের ব্যবসার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এবারের নির্বাচনে তিনি কৃষক পরিবার থেকে আসার ও ব্যবসা ক্ষেত্রে সফল হওয়ার উভয় কৌশল খাটিয়ে ভোটারদের আকৃষ্ট করেন।
তিনি ভোটারদের বলেন, তামাসমৃদ্ধ দেশ জাম্বিয়ার অর্থনীতি ঠিকমতো চালাতে তাদের একজন সফল ব্যবসায়ীর প্রয়োজন। দেশের কৃষকদের পক্ষে টানতে হিচিলমা তাঁর কৃষক পরিবার থেকে উঠে আসার কথা ব্যবহার করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দেশটির তরুণদের আকর্ষণ করার বিষয়টি। দেশটির নিবন্ধিত ৭০ লাখ ভোটারের অর্ধেকের বয়স ৩৫ বছরের নিচে। প্রতি পাঁচজনের একজন বেকার। ২০১১ সালে দেশটির প্যাট্রিয়টিক ফ্রন্ট (পিএফ) দল কর্মসংস্থান সৃষ্টি ও কর কম করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু তাঁরা প্রত্যাশা পূরণ করতে না পারায় অধিকাংশ ভোটার হিচিলমার পক্ষে ভোট দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হিচিলমা তরুণ ভোটারদের টানতে সক্ষম হন।
হিচিলমা প্রায়ই রাজনীতির বাইরে বিভিন্ন সামাজিক যোগাযোগের ট্রেন্ড নিয়ে মন্তব্য প্রকাশ করেন। তিনি ফুটবল নিয়েও তাঁর মতামত প্রকাশ করে থাকেন, যা তরুণ ভোটারদের সঙ্গে তাঁকে যুক্ত হতে সাহায্য করেছে।
হিচিলমা তাঁর রাজনৈতিক জীবনে স্থিতিশীলতা দেখিয়েছেন। ভোটারদের কাছে তিনি পাঁচবারের পরাজয় ও ১৫ বার গ্রেপ্তার হওয়ার বিষয়টি মনে করিয়ে দেন।
রয়টার্স জানায়, জাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে হিচিলমাকে দ্রুত অনেক সমস্যার সমাধান করতে হবে। দেশটিতে বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে। ১৯৯৮ সালের পর গত বছর করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশটিতে অর্থনৈতিক মন্দা শুরু হয়। দেশটির মন্দা দূর করার পাশাপাশি বেকারত্ব সমস্যা দূর করতে না পারলে হিচিলমার জনপ্রিয়তা কমতেও খুব বেশি সময় লাগবে না।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির রাজধানী লুসাকায় এক ভাষণে হিচিলমা বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের নির্বাচিত করে যে বার্তা দিলেন, আমরা আপনাদের হতাশ করব না।’