
জিম্বাবুয়েতে হয়েছে ব্যতিক্রমী এক মিছিল। গতকাল শনিবার রাজধানী হারারেতে হাজার হাজার লোক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে যুগের শেষ হওয়ায় উৎসবে মাতে। পাশাপাশি ‘সেনা অভ্যুত্থানের’ প্রশংসাও করে তারা। এ সময় প্রেসিডেন্ট মুগাবের পদত্যাগের দাবিতে সোচ্চার হয় দেশবাসী।
গত বুধবার যে সেনাবাহিনী জিম্বাবুয়ের ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সে বাহিনী এবং ক্ষমতাসীন দল মুগাবের জানু-পিএফ পার্টির সদস্যদের সমর্থন নিয়ে স্টেট হাউস অভিমুখে গতকাল শোভাযাত্রা হয়।
এদিকে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ওপর ‘অনাস্থা’ এনে তাঁরই ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি তাঁকে গত শুক্রবার পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। বুধবার সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে কার্যত ‘গৃহবন্দী’ আছেন মুগাবে। এর মধ্যেই শুক্রবার এক সমাবর্তনে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে ‘অভ্যুত্থানের’ পর প্রথম জনসম্মুখে আসেন তিনি।
গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে হারারেতে মিছিলে প্রায় পাঁচ হাজার লোকসমাগম হয়। মিছিলে অংশ নেওয়া লোকের সংখ্যা এরপর শুধু বাড়তে থাকে। মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, ‘জিম্বাবুয়ের নাগরিক হিসেবে, আমরা সেনাবাহিনীকে বলতে চাই: শান্তিপূর্ণ হস্তক্ষেপের জন্য অনেক ধন্যবাদ।...মুগাবেকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’
দেশের পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেয় লোকজন। অনেকের হাতে ছিল মুগাবেবিরোধী প্ল্যাকার্ড। অনেককে আবার সেনাবাহিনীর ট্যাংকের পাশ দিয়ে এগিয়ে যেতে দেখা যায়। জনগণ চিৎকার করে বলতে থাকে ‘আমাদের জেনারেল, এগিয়ে চলুন, এগিয়ে চলুন’, ‘মুগাবের শাসন আর না’। মিছিলে সেনাবাহিনীর সদস্য থাকলেও ছিল না কোনো পুলিশ সদস্য।
হারারের এক বাসিন্দা বলেন, ‘পুরো জাতি আজ উৎসবে মেতেছে। আমরা অবশেষে বৃদ্ধ লোকটি (মুগাবে) থেকে মুক্তি পেয়েছি।’
মিছিলে অংশ নেওয়া ইভান মাওয়ারির নামের এক যাজক বলেন, গণতান্ত্রিক পরিবর্তনের জন্য ‘নতুন যুগের শুরু’র এটি একটি সুযোগ।
শোভাযাত্রার আয়োজক ক্রিস মুতসভাঙওয়া বলেন, মুগাবের ৩৭ বছরের শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রকাশ পেয়েছে। মানুষ আর তাঁকে চায় না। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়ের সিটি হলে আরেকটি বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে।
জিম্বাবুয়ের হেরাল্ড নিউজ পেপারের সংবাদ অনুযায়ী, দেশটির দশটি আঞ্চলিক শাখা থেকেই রবার্ট মুগাবেকে পদত্যাগের জন্য ডাক দেওয়া হয়েছে। দেশটির উদারপন্থীরাও তাঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।
১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তাঁর ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে এই রাজনৈতিক সংকটের সূচনা হয়। ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে তাঁর সম্ভাব্য উত্তরসূরি মনে করা হচ্ছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করায় প্রেসিডেন্ট তাঁর চেয়ে প্রায় ৪০ বছরের ছোট স্ত্রী গ্রেসকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেন বলে ধারণা জোরালো হয়। এরপরই হয় রক্তপাতহীন ‘অভ্যুত্থান’। জিম্বাবুয়ের সেনাবাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নিলেও সেনাশাসন জারি করেনি। সংবিধান স্থগিত কিংবা প্রেসিডেন্টকেও পদচ্যুত করেনি। এমনকি সেনাবাহিনী শুরু থেকেই দাবি করছে, এই পদক্ষেপ কোনোভাবেই সরকারের নিয়ন্ত্রণ নেওয়া নয়।
এদিকে, সিএনএনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট মুগাবে ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত আছে। প্রেসিডেন্ট মুগাবে গতকাল শনিবারও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল কনস্টাতিনো চিয়েংগার সঙ্গে গতকাল প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বৈঠক করেছেন। পরবর্তীতে কী হবে তা নিয়ে তাঁরা আলোচনা করেন। এ সময় অন্তর্বর্তী প্রেসিডেন্টের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে প্রেসিডেন্ট মুগাবেকে পদত্যাগ করতে চাপ দেন সেনাপ্রধান।
আগামী ডিসেম্বরে ক্ষমতাসীন জানু-পিএফ দলের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ধারণা করা হয়েছিল যে দলের সম্মেলনে সম্প্রতি পদচ্যুত হওয়া ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে আগামী বছরের নির্বাচনের আগ পর্যন্ত দলীয় নেতা ও প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে।