জুমার কারাজীবন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকোব জুমা তাঁর জন্মস্থান কাওয়াজুলু-নাতাল প্রদেশে এসটকোর্ট কারেকশনাল সেন্টারে কারাজীবন শুরু করেছেন। আদালত অবমাননার দায়ে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁর কারাজীবন শুরু হয়েছে। খবর এএফপির।

জুমাকে নিয়ে একটি গাড়ি দ্রুতগতিতে চলে যায়। জুমার মেয়ে ডুডু জুমা সামবুডলা টুইটে জানান, তাঁর বাবার মনোবল এখনো দৃঢ়। তিনি বলেন, ‘বাবাকে স্যালুট জানাই।’
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টের কারাদণ্ড হলো। ৭৯ বছর বয়সী জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। চলতি বছরের শুরুর দিকে দুর্নীতির তদন্তে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাঁকে গত মঙ্গলবার এ কারাদণ্ড দেওয়া হয়। আত্মসমর্পণ না করলে পাঁচ দিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়।

কারাগারের আদেশের পরে জুমা বলেন, মহামারির সময়ে এই বয়সে তাঁকে কারাদণ্ড দেওয়ার অর্থ মৃত্যুদণ্ড।

জুমাকে যাতে গ্রেপ্তার না করা হয়, সে জন্য তাঁর বাড়ির বাইরে ‘মানবপ্রাচীর’ গড়ে তোলেন তাঁর সমর্থকেরা।

গত ২৯ জুন আদালতের রায়ে বলা হয়, পাঁচ দিনের মধ্যে জুমাকে নিজ থেকে পুলিশের কাছে ধরা দিতে হবে। যদি তিনি তা না করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে সাংবিধানিক আদালত কিছুই করতে পারেন না বলে রায়ে বলা হয়।ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্ত করছিলেন দেশটির উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো।

গত ফেব্রুয়ারিতে তদন্তের জন্য জুমাকে তলব করা হলেও তিনি হাজির হননি। এ কারণে তিনি আদালত অবমাননার দায়ে দণ্ডিত হন।

২০১৮ সালে জুমার প্রায় ৯ বছরের শাসনামলের অবসান ঘটে। তিনি দাবি করে আসছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।