জুমার গ্রেপ্তার ঠেকাতে সমর্থকদের ‘মানবপ্রাচীর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাড়ির বাইরে ‘মানবপ্রাচীর’ গড়ে তুলেছেন তাঁর সমর্থকেরা। জ্যাকব জুমার গ্রেপ্তার ঠেকাতে তাঁর সমর্থকেরা এ মানবপ্রাচীর গড়েছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৭৯ বছর বয়সী জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। চলতি বছরের শুরুর দিকে দুর্নীতির তদন্তে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাঁকে গত মঙ্গলবার এ কারাদণ্ড দেওয়া হয়।

গত ২৯ জুন আদালতের রায়ে বলা হয়, পাঁচ দিনের মধ্যে জুমাকে নিজ থেকে পুলিশের কাছে ধরা দিতে হবে। যদি তিনি তা না করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে সাংবিধানিক আদালত কিছুই করতে পারেন না বলে রায়ে বলা হয়।

আদালত অবমাননার দায়ে ১৫ মাসের কারাদণ্ডকে অসাংবিধানিক ও অসামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে জ্যাকব জুমা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, জুমার বিরুদ্ধে দেওয়া রায় আবেগ ও বিদ্বেষপূর্ণ। সংবিধানের সঙ্গে এমন রায় কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

পাঁচ দিনের মধ্যে জুমাকে নিজ থেকে পুলিশের কাছে ধরা দেওয়ার সময় গতকাল রোববার মধ্যরাতে পেরিয়ে গেছে। তবে ১৫ মাসের কারাদণ্ডাদেশ চ্যালেঞ্জ করে জুমার করা আবেদন শুনতে পরে রাজি হয়েছেন সাংবিধানিক আদালত। জুমার এ আবেদন ১২ জুলাই শুনবেন আদালত।

সাংবিধানিক আদালতের এ সিদ্ধান্তের ফলে এখন জুমাকে গ্রেপ্তার করা হবে কি না, তা পরিষ্কার নয়।

তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্টের গ্রেপ্তার ঠেকাতে কোয়া-জুলু নাটাল প্রদেশে তাঁর বাসভবনের বাইরে শত শত সমর্থক অবস্থান নিয়েছেন। তাঁরা ইতিমধ্যে মানবপ্রাচীর গড়ে তুলেছেন।

জুমার বাসভবনের বাইরে অবস্থান নেওয়া তাঁর অনেক সমর্থক ঐতিহ্যবাহী জুলু পোশাক পরে এসেছেন। অনেক জুমার ছবিযুক্ত টি-শার্ট পরেছেন। জুমার এক সমর্থক বলেন, যদি জুমাকে পুলিশপ্রধান গ্রেপ্তার করতে আসেন, তাহলে সমর্থকদের আগে গ্রেপ্তার করতে হবে।

জুমা তাঁর সমর্থকদের উদ্দেশে বলেছেন, পুলিশ যদি তাঁকে গ্রেপ্তার করার দুঃসাহস দেখায়, তাহলে একটি গন্ডগোল বাধবে।

জুমা বারবার তাঁর সমর্থকদের বলছেন, তিনি জেলে যাওয়ার বিষয়টিকে মোটেই ভয় পান না। তবে জুমার আইনজীবীরা অন্তরালে তাঁর কারাগারে যাওয়া ঠেকাতে বিরামহীনভাবে কাজ করছেন।

বিবিসির খবরে বলা হয়, করোনার বিধি অনুযায়ী, এমন সমাবেশ অবৈধ। তবে এই সমাবেশ ছত্রভঙ্গ করতে আশপাশে পুলিশও দেখা যায়নি।

অনেক সমালোচক বলছেন, এই দৃশ্যে প্রতীয়মান হয়, সাবেক প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। আর ক্ষমতাশালী রাজনীতিকের ক্ষেত্রে আইন ও বিচার সমভাবে প্রযোজ্যও নয়।

ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ ওঠে। এ অভিযোগ তদন্ত করছিলেন দেশটির উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো। গত ফেব্রুয়ারিতে তদন্তের জন্য জুমাকে তলব করা হলেও তিনি হাজির হননি। এ কারণে তিনি আদালত অবমাননার দায়ে দণ্ডিত হন।

২০১৮ সালে জুমার প্রায় নয় বছরের শাসনামলের অবসান ঘটে। তিনি দাবি করে আসছেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।