জুমার চিকিৎসার জন্য প্যারোল অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
ফাইল ফটো। রয়টার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট কারাবন্দী জ্যাকব জুমা প্যারোলে মুক্তি পেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে গত রোববার আদালত তাঁর প্যারোল মঞ্জুর করেন। এর আগে দুর্নীতির মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁকে ১৫ মাসের দণ্ডাদেশ দেন আদালত।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য গত ৬ আগস্ট থেকে কারাগারের বাইরের একটি হাসপাতালে ভর্তি আছেন ৭৯ বছর বয়সী জুমা। ২০১৮ সাল পর্যন্ত টানা ৯ বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় দুর্নীতির অভিযোগে তাঁকে বন্দী করা হয়।

দেশটির কারা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জ্যাকব জুমার ‘মেডিকেল প্যারোল’ রোববার থেকে কার্যকর হয়। এতে আরও বলা হয়, ১৫ মাস কারাদণ্ডের বাকি সময় তিনি কারাগারের বাইরে থাকবেন। এর ব্যাখ্যায় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘জুমাকে সামাজিক সংশোধনমূলক কাজে জড়িত থাকতে হবে। সেখানে থাকতে হলে তাঁকে সুনির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে এবং কারাবাসের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

কর্তৃপক্ষ আরও জানায়, ‘মেডিকেল রিপোর্ট’–এর সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৬ আগস্ট জুমাকে হাসপাতালে ভর্তি করার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে ১৪ আগস্ট তাঁর শরীরে ছোটখাটো একটি অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসা নেওয়ার সময়ে জ্যাকব জুমার প্রতি সম্মান দেখাতে দক্ষিণ আফ্রিকার নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গত ৮ জুলাই ডারবান থেকে ১৮০ কিলোমিটার উত্তরে ইস্টকোর্ট কারাগারে জুমার কারাবাস শুরু হয়। এর দুই সপ্তাহ পরে ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে প্যারোলে মুক্তি পান তিনি। অন্যদিকে জুমাকে কারাবন্দী করার পর দক্ষিণ আফ্রিকাজুড়ে ব্যাপক সহিংসতা ও লুটপাট শুরু হয়। এতে ব্যাপক প্রাণহানি ও লাখ লাখ ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়।