জুমার পদত্যাগ দাবি তিন মন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকব জুমা
জ্যাকব জুমা

এবার দক্ষিণ আফ্রিকার অন্তত তিনজন মন্ত্রী দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগ করতে বলেছেন। স্থানীয় সংবাদমাধ্যম গতকাল সোমবার এ খবর দিয়েছে। এ ছাড়া প্রেসিডেন্ট জুমার নেতৃত্ব নিয়ে তাঁর ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নির্বাহী কমিটি অনাস্থা ভোট নিতে যাচ্ছে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে জুমার নেতৃত্বের বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দক্ষিণ আফ্রিকার বার্তা সংস্থা নিউজটোয়েন্টিফোর দেশটির ক্ষমতাসীন এএনসির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলেছে, পর্যটনমন্ত্রী ডেরেক হ্যানকম, স্বাস্থ্যমন্ত্রী অ্যারন মোতসোয়ালেদি এবং পূর্তমন্ত্রী থুলাস এনক্সেসি প্রেসিডেন্ট জুমাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। জুমার নেতৃত্ব নিয়ে আলোচনার জন্য রাজধানী প্রিটোরিয়ায় এএনসির নির্বাহী কমিটি গত সপ্তাহেই এক বৈঠক করে। জুমার ভবিষ্যৎ নির্ধারণের জন্য উত্তপ্ত বিতর্কের পরিপ্রেক্ষিতে বৈঠকের মেয়াদ গতকাল পর্যন্ত বাড়ানো হয়।
দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে নেতৃত্ব নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জুমা। দুর্নীতির একটি অভিযোগ তদন্তে তাঁর অনিয়মের প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা করা গুপ্ত পরিবারের সঙ্গে জুমার সম্পর্ক এবং সম্ভাব্য অপরাধের অভিযোগও খতিয়ে দেখছে দক্ষিণ আফ্রিকার শীর্ষ দুর্নীতি নজরদারি সংস্থা।
রয়টার্স জানায়, এএনসির নির্বাহী কমিটির সদস্যরা গতকাল প্রিটোরিয়ায় এক বৈঠকে জুমার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে জোরালো বিতর্কে অংশ নেন। অনাস্থা ভোটে গোপন ব্যালট ব্যবহারের প্রস্তাবের পক্ষে-বিপক্ষেও আলোচনা হয়েছে। এ বিষয়ে এএনসির মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
এএনসির নির্বাহী কমিটি চাইলে পাঁচ বছর অন্তর দলীয় সম্মেলনের বাইরেও দলীয় নেতাকে অপসারণ করতে পারে। তবে দলটিতে জুমার আস্থাভাজন নেতার সংখ্যাও অনেক। সে কারণেই তিনি গত ১০ নভেম্বর পার্লামেন্টে আস্থা ভোটে উৎরে গেছেন। রাজনৈতিক বিশ্লেষক রানজেনি মুনুসামি বলেন, ‘জুমা নিজের রাজনৈতিক জীবন নিয়ে লড়াই করছেন। এতে কোনো সন্দেহ নেই। তাঁর ভবিষ্যৎ ঝুলে আছে। কারণ, এএনসি ও সমমনা দলগুলোর অনেকেই এখন আর তাঁকে প্রেসিডেন্ট পদে দেখতে চান না।’