জুমার বিরুদ্ধে তদন্তে শীর্ষ পর্যায়ে দুর্নীতির ইঙ্গিত মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে এক তদন্তে তাঁর সরকারের সর্বোচ্চ পর্যায়ে সম্ভাব্য দুর্নীতির আভাস পাওয়া গেছে। দুর্নীতিবিরোধী সংস্থার সাবেক প্রধান থুলি মাদোনসেলা এটি তৈরি করেছেন।
তদন্ত প্রতিবেদনে একসময়ের সরকারি কৌঁসুলি থুলি মাদোনসেলা ৩০ দিনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার জন্য প্রেসিডেন্ট জুমার কাছে সুপারিশ করেছেন।
প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে ধনাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। তিনি এ প্রতিবেদন প্রকাশের বিষয়টি আদালতের আশ্রয় নিয়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে গতকাল বুধবার সে চেষ্টা পরিত্যাগ করেন।
৩৫৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটির শিরোনাম ‘স্টেট অব ক্যাপচার’। এর প্রচ্ছদে রয়েছে পুতুলনাচের কয়েকটি সুতা বাঁধা একটি হাতের চিত্র।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দলের নেতা জুমার বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে দুর্নীতির অভিযোগ উঠছে। তবে তিনি বরাবরই অন্যায়ের কথা অস্বীকার করে এসেছেন।