দক্ষিণ আফ্রিকার সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) ভরাডুবি হয়েছে। দেশটির রাজধানী প্রিটোরিয়াসহ প্রধান কয়েকটি নগরের স্থানীয় সরকারের ক্ষমতা হারাচ্ছে তারা। বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ আফ্রিকা জোট সরকারের যুগে প্রবেশ করতে যাচ্ছে। আর এর মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে এএনসির দুই দশকের ‘গর্বোদ্ধত’ শাসনের।
১৯৯৪ সালে বর্ণবাদী শাসনের অবসান ঘটার পর থেকে দেশটিতে অনুষ্ঠিত কোনো নির্বাচনে এটাই এএনসির সবচেয়ে খারাপ ফল। আর তখন থেকে এবারই প্রথম রাজধানীর স্থানীয় সরকারের নিয়ন্ত্রণ হারাল তারা।
এএনসির ভাইস প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অবশ্য ‘ঔদ্ধত্যের’ অভিযোগ মানতে রাজি নন। তিনি বলেছেন, জনগণ স্থানীয় নির্বাচনে যে বার্তা দিয়েছে, তা তাঁরা সতর্কভাবে অনুধাবন করবেন। রামাফোসা বলেন, ‘জনগণ আমাদের যে নীরব বার্তা দিয়েছে, তা আমরা সতর্কভাবে শুনছি। আমরা উদ্ধত নই।’
রাজধানী প্রিটোরিয়ায় বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) কাছে হেরে গেছে এএনসি। নেলসন ম্যান্ডেলা বে সিটি করপোরেশনেও হেরেছে তারা। শিল্পনগর পোর্ট এলিজাবেথ ওই করপোরেশনের মধ্যেই। দেশের বৃহত্তম নগর জোহানেসবার্গে অবশ্য ডিএকে হারিয়েছে এএনসি। প্রয়াত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার দল সেখানে ৪৪ শতাংশ ভোট পেয়েছে। তবে তা নগরের নিয়ন্ত্রণ পাওয়ার মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নয়। ডিএ এবং জুলিয়াস মালেমার নেতৃত্বাধীন অতি বামপন্থী ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)—এ দুই দল মিলে জোহানেসবার্গে ৫১ শতাংশ ভোট পেয়েছে। ডিএ এবং ইএফএফ দুই দলের কেউই এএনসির সঙ্গে গাঁটছড়া বাঁধবে না বলে ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, ডিএ এবং ইএফএফ জোট করবে।
ডিএ ইতিমধ্যে কেপটাউনের ক্ষমতায় আছে। মধ্য ডান ধারার এ দলটি বাজারবান্ধব দল হিসেবে পরিচিত। ইএফএফ নেতা জুলিয়াস মালেমা এএনসির একসময়ের যুবনেতা। তাঁকে তিন বছর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। এরপরই তিনি দল গঠন করে ‘অর্থনৈতিক মুক্তির’ ডাক দেন।
জোট গঠনের বিষয়ে জুমার কট্টর সমালোচক মালেমা বলেছেন, যে দলকে দরিদ্রবান্ধব মনে হবে, তাদের সঙ্গে ইএফএফ জোট করবে।
প্রেসিডেন্ট জ্যাকব জুমা টানা দুই দফা ক্ষমতায় থাকাকালে তাঁর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দক্ষিণ আফ্রিকার এই সাবেক গোয়েন্দাপ্রধান এএনসির কার্যনির্বাহী কমিটি তাঁর ঘনিষ্ঠ লোকজন দিয়ে ভরে ফেলেছেন।
জ্যাকব জুমার জীবনীকার জেরেমি গর্ডিন বলেছেন, এএনসি ভোটারদের মনস্তত্ত্ব ধরতে পারেনি। দলটির নেতারা ভেবেছেন, স্বাধীনতা লাভে নেতৃত্ব দেওয়ার কথা মাথায় রেখে ভোটাররা তাঁদের নেতাদের দুর্নীতি ও উদ্ধত আচরণ ক্ষমা করে দেবেন।
দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক ধারাভাষ্যকার প্রিন্স মাশেলে বলেন, ‘এ দেশ একদলীয় শাসনের নিরন্তর অবজ্ঞার জাঁতাকলে পিষ্ট হয়ে আসছে। তবে এ নির্বাচনের ফলের মধ্য দিয়ে নতুন ভবিষ্যতের ক্ষেত্র উন্মোচিত হচ্ছে।’ প্রিন্স মাশেলে বলেন, ‘এই ফলাফল বলছে, “আপনি যদি সরকারে থাকেন এবং উদ্ধত আচরণ করেন, তাহলে আপনাকে একসময় জবাবদিহি করতে হবে, তা আপনি দেশ স্বাধীন করে থাকেন আর না-ই থাকেন।”’