জ্যাক স্ট্রর বিরুদ্ধে মামলা করতে পারবেন লিবীয় বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, লিবিয়ার সাবেক এক জঙ্গি তাঁকে জেরা করতে হস্তান্তরের জন্য সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র এবং দেশটির সরকারের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা করতে পারবেন। এ বিষয়ে সরকারের আপিল গতকাল মঙ্গলবার নাকচ করে দিয়েছেন আদালত।

সুপ্রিম কোর্ট তাঁর রায়ে বলেছেন, জ্যাক স্ট্র এবং যুক্তরাজ্যের অভ্যন্তরীণ ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই ফাইভ ও এমআই সিক্সের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন সাবেক লিবীয় জঙ্গি আবদেল হাকিম বেলহাজ। সাতজন বিচারপতি সর্বসম্মতিক্রমে এ রায় দেন।

আবদেল হাকিম বেলহাজ একজন বিদ্রোহী নেতা হিসেবে লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে সহায়তা করেছিলেন। তিনি বলেছেন, ২০০৪ সালে তিনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে যুক্তরাষ্ট্রের সিআইএ এজেন্টরা থাইল্যান্ড থেকে অপহরণ করে ব্রিটিশ গোয়েন্দাদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় পাঠিয়েছিল। গাদ্দাফির দীর্ঘদিনের শত্রু হিসেবে তাঁকে বন্দী করে নির্যাতন করা হয়।