টিপিএলএফের নেতাদের ধরিয়ে দিলে পুরস্কার
তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের যেসব নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তাঁদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করছে ইথিওপিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২ লাখ ৫৬ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ১৭ লাখ ১২ হাজার ৯৭ টাকা। খবর বিবিসির।
আজ শুক্রবার লেফটেন্যান্ট জেনারেল আসরাত দেনোরো এই পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন, পরোয়ানাভুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে এই পুরস্কার সহায়তা করবে।
গত মাসে টিপিএলএফের ৬০ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে বর্তমান ও সাবেক ৭৬ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দেশটির তাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গত মাসে তাইগ্রের রাজধানী মেকেলে কেন্দ্রীয় সেনাদের নিয়ন্ত্রণে আসার পর সেখানে সেনা অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্প্রতি টিপিএলএফ নেতাদের কাছ থেকে কিছু শোনা যায়নি। তবে আগে তাঁরা বলেছিলেন, যত দিন না কেন্দ্রীয় সেনারা তাইগ্রে ছেড়ে যাচ্ছেন, তত দিন পর্যন্ত এ লড়াই চলবে। দলের চেয়ারম্যান দেবরেসশন গেবরেমিচেলসহ বেশির ভাগ নেতা কোথায়, তা জানা যায়নি।
সরকার এর আগে জানিয়েছিল, টিপিএলএফের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্য একজন হলেন পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক স্পিকার কেরিয়া ইব্রাহিম। বলা হয়, দুই সপ্তাহ আগে তিনি সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। তবে তাঁকে দেখা যায়নি। তাঁকে কোনো আদালতে হাজির করা হয়েছে কি না, তা-ও পরিষ্কার নয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার ফেডারেল সেনাবাহিনী এবং তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে মাসব্যাপী লড়াইয়ে কয়েক শ মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এই সংঘাত কয়েক হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং সুদানে হাজারো শরণার্থী পালিয়ে গেছেন।
১৯৯১ সালে টিপিএলএফের নেতৃত্বে ইথিওপিয়া থেকে সামরিক সরকার উৎখাত করা হয়। ২০১৮ সালে আবি প্রধানমন্ত্রী হওয়ার আগপর্যন্ত দেশটির রাজনীতিতে নিয়ন্ত্রণ ছিল এই গোষ্ঠীর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ক্ষমতায় আসার পর আফ্রিকার এই দেশে রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন শুরু হয়। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তাঁরই হাত ধরে। ফলে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান আবি।
প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আবি আহমেদ প্রশংসিত হলেও নিজ দেশের উত্তেজনাপূর্ণ অঞ্চল তাইগ্রেতে শান্তি ফেরাতে তেমন পদক্ষেপ নেননি বলে অভিযোগ। উল্টো ব্যাপক রাজনৈতিক সংস্কারের নামে তাইগ্রের অধিবাসীদের কোণঠাসা করে ফেলেন বলে অভিযোগ ওঠে আবির বিরুদ্ধে।
এ ঘটনা ইথিওপিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বজায় রাখা তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ উসকে দেয়। শুরু হয় টিপিএলএফের বাহিনীর সঙ্গে ইথিওপিয়া কেন্দ্রীয় বাহিনীর রক্তক্ষয়ী সংঘাত।
করোনাভাইরাস সংকটের কারণে গত জুনের জাতীয় নির্বাচন বন্ধ রাখেন আবি। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। টিপিএলএফ কেন্দ্রীয় সরকারকে অবৈধ বলছে। তাদের যুক্তি, আবি আহমেদ দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বৈধ নন।
সরকার টিপিএলএফকে সামরিক স্থাপনায় আঘাত হেনে অস্ত্র লুটের অভিযোগ এনেছে। তবে টিপিএলএফ তা অস্বীকার করেছে। গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী আবি টিপিএলএফ মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দেন।