বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই রাশিয়া ওই অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে ন্যাটোকে পরীক্ষা করে দেখতে পারে।
বাল্টিক এলাকায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন সরকার কী ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে তার আগাম আভাস পেতে মস্কো এমনটি করতে পারে বলে মনে করছে লিথুয়ানিয়া।
লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিনাস লিনকেভিসাস বিবিসির কাছে পরাশক্তি প্রতিবেশী রাশিয়াকে নিয়ে ওই সতর্কতা উচ্চারণ করেন। লিনকেভিসাস বলেন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে বাল্টিক অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যের সিরিয়ার আলেপ্পো শহরে রাশিয়া কী ধরনের তৎপরতা চালাতে পারে তা ভেবে তিনি ‘খুবই শঙ্কিত’।
লিথুয়ানিয়া একসময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। বর্তমানে দেশটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং এর বাইরে ইউরোপীয় ইউনিয়নের অংশ। বাল্টিক সাগরে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদের সঙ্গে লিথুয়ানিয়ার সীমান্ত রয়েছে।
লিথুয়ানিয়া সম্প্রতি শঙ্কা প্রকাশ করে বলেছে, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেভাবে ক্রিমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে নিয়েছে; একইভাবে তাদেরও দখল করে করে নিতে পারে। দেশটির প্রত্যাশা—এ ক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করতে ন্যাটো বড় ভূমিকা রাখবে। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের নীতিগত মিল থাকায় লিথুয়ানিয়ার আশঙ্কা, মস্কো সেখানে সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্র বিষয়টিকে এড়িয়ে যাবে।
সম্প্রতি রাশিয়ার সম্ভাব্য দখল অভিযান থেকে দেশ বাঁচাতে নাগরিকদের করণীয় উল্লেখ করে নির্দেশনা হালনাগাদ পর্যন্ত করে লিথুয়ানিয়া। এতে সতর্ক করে দিয়ে বলা হয়, রাশিয়া প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে দ্বিধা বোধ করবে না। ২০১৪ সালে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে বাল্টিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে অবনতি হয়েছে।
এর মধ্যে ন্যাটো উদ্বিগ্ন হয়ে রাশিয়ার প্রভাব ঠেকাতে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের তিন দেশ এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও লাটভিয়ায় আগামী বছরের শুরুতে এক হাজার করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।