ডব্লিউএইচওর শুভেচ্ছাদূত হতে পারছেন না মুগাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সংস্থাটির প্রধান। ব্যাপক বিরোধিতার মুখে ওই সিদ্ধান্তটি বাতিল করা হলো। খবর এএফপির

চলতি বছরের জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব নেন ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী তেদরোস আধানম। চলতি সপ্তাহে তিনি আফ্রিকায় অসংক্রামক রোগ প্রতিরোধে সহায়তা করার জন্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে মুগাবের নাম ঘোষণা করেন। কিন্তু মানবাধিকারকর্মী, গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দাতারা (যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র) ওই পদক্ষেপের নিন্দা জানায়। তারা বলছে, মুগাবের ৩৭ বছরের স্বৈরশাসনে জিম্বাবুয়ের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।

তেদরোস এক বিবৃতিতে বলেন, ‘কয়েক দিন ধরে রবার্ট মুগাবেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত নিয়োগের সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করা হচ্ছে। ফলে আমি ওই নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’