তাইগ্রেতে এখনো সংঘর্ষ চলছে
ইথিওপিয়ার সরকারি বাহিনী তাইগ্রে বিজয়ের দাবি করলেও সেখানে সংঘর্ষ চলছে। গতকাল শনিবার পর্যন্ত তাইগ্রের কিছু অঞ্চলে বোমাবাজি, লুটপাট ও সংঘর্ষের ঘটনা অব্যাহত রয়েছে। উত্তরাঞ্চলের একটি বিদ্রোহী গ্রুপ বলছে, সরকারি সৈন্যরা কয়েক দিনের মধ্যেই তাইগ্রের বিদ্রোহী নেতাদের আটকের ঘোষণা দেবেন। তা সত্ত্বেও সংঘর্ষ থামেনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সেনাবাহিনী এবং তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) মধ্যে এক মাসের লড়াইয়ে হাজারো মানুষ নিহত হয়েছে এবং প্রায় ৪৬ হাজার শরণার্থীকে প্রতিবেশী সুদানে আশ্রয় নিতে হয়েছে।
আবির সরকার বলছে, তাইগ্রের আঞ্চলিক রাজধানী মেকেলে দখল করার এক সপ্তাহ পরে সংঘর্ষ কমছে। তবে টিপিএলএফের নেতা ডেব্রেটসিয়ন জেব্রিমাইকেল রয়টার্সকে বলেছেন, শহরের বাইরে লড়াই চলছে।
টিপিএলএফের মুখপাত্র বলেছেন, সরকারি সেনারা মেকেলেতে লুটপাট চালাচ্ছে।
ইথিওপিয়ান সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাইগ্রের সঙ্গে যোগাযোগের অধিকাংশ পথই বন্ধ হয়েছে। ওই অঞ্চলে ঢোকার ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে।
গত নভেম্বর থেকে তাইগ্রেতে সামরিক অভিযান শুরু করে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার। ২০১৮ সালে আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতায় আসার পর আফ্রিকার দেশটির রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে শুরু করে। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তাঁরই হাত ধরে। ফলে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান আবি।
প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আবি প্রশংসিত হলেও নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল তাইগ্রেতে শান্তি ফেরাতে তেমন পদক্ষেপ নেননি তিনি। উল্টো ব্যাপক রাজনৈতিক সংস্কারের নামে তাইগ্রেয়ানদের কোণঠাসা করে ফেলেন তিনি। এ ঘটনা টিপিএলএফের সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ উসকে দেয়। শুরু হয় টিপিএলএফের বাহিনীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর রক্তক্ষয়ী সংঘাত।
সেনাবাহিনী কর্নেল শাম্বেল বেয়েন গত শুক্রবার বলেন, গোর অঞ্চলের একটি বন থেকে ছয় কিলোমিটার দূরে রয়েছে সেনাবাহিনী। ওই বনে টিপিএলএফ সদস্যরা আত্মগোপন করেছেন।
টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বেয়েন বলেন, তাদের ধরতে আর কয়েক দিন মাত্র লাগবে।
এদিকে, ত্রাণ সংস্থাগুলো তাইগ্রে অঞ্চলে খাবার, জ্বালানি, ওষুধের মতো দরকারি জিনিসপত্রের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রয়োজনীয় সাহায্য দিতে প্রস্তুত রয়েছে সংস্থাগুলো।