তিউনিসিয়ায় এসেবসি পারবেন হাল ধরতে?

সম্প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশটির জনগণ তাদের প্রথম প্রেসিডেন্ট বেছে নিয়েছে। নতুন প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসির বয়সটা একটু বেশি। তবে ৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিকের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। অবশ্য তাঁকে নিয়ে সমালোচনাও রয়েছে।
তিউনিসিয়ায় আরব বসন্তের চেতনা ও গণতন্ত্র বাস্তবায়নে এসেবসি প্রত্যাশিত ভূমিকা রাখতে পারবেন, না কি বয়সের গণ্ডিতে আটকে যাবেন-এ নিয়ে ভাবছেন বিশ্লেষকেরা।
তিউনিসিয়া দিয়ে শুরু হয়েছিল আরব বসন্ত। পরে সেই মরুঝড় ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। বিশেষ করে যেসব দেশে বছরের পর বছর ধরে স্বৈরশাসকেরা ক্ষমতা আঁকড়ে ছিলেন। বিপ্লবের গণজোয়ারে একে একে তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনে উপড়ে গেছে একনায়কদের খুঁটি। কিন্তু গণতন্ত্রের সুবাতাস কোথাও থিতু হয়নি। সে ক্ষেত্রে তিউনিসিয়া কিছুটা এগিয়েছে বলা যায়।
১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় তিউনিসিয়া। এরপর অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশটিতে চলে স্বৈরশাসন।
দেশটির স্বাধীনতা-পরবর্তী প্রথম নেতা হাবিব বুরগুবিয়া এবং ২০১১ সালে গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলীর অধীনে কাজ করেছেন এসেবসি। এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা রয়েছে।
গত বছর দেশটির জনগণ প্রথম অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে বাছাই করেছে ধর্মনিরপেক্ষ দল নিদা তিউনিস পার্টির প্রার্থী এসেবসিকে।
নভেম্বরে প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় প্রেসিডেন্ট নির্বাচন। ডিসেম্বরে দ্বিতীয় দফা নির্বাচনে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় দেশটির তৎকালীন অন্তর্বর্তী প্রেসিডেন্ট মনসেফ মারজুকির। ৫৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন এসেবসি। প্রথমে আপত্তি তুললেও পরে নির্বাচনের ফল মেনে নেন মনসেফ।
গণতন্ত্রে উত্তরণের পথে তিউনিসিয়ার জন্য এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য করা হয়। কিন্তু দশকের পর দশক ধরে স্বৈরশাসকের সঙ্গে থাকা এসেবসি তিউনিসিয়ায় অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন কি না, তা নিয়ে দেশটির জনগণের মধ্যে সন্দেহ রয়েছে।
জয়ী হয়ে এসেবসি বলেছিলেন, ‘আমি আমার জয়কে তিউনিসিয়ার শহীদদের উৎসর্গ করছি। আমি মারজুকিকে ধন্যবাদ জানাই এবং কাউকেই বাদ না দিয়ে এখন আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’
নিদা তিউনিস একটি জোট সরকার গঠন করতে পারে। এসেবসি দলীয় প্রধান পদ ছাড়ার পাশাপাশি একজন নির্দলীয় প্রধানমন্ত্রী বেছে নিতে পারেন।
জনগণের স্বাধীনতা ও উদারতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে নিদা তিউনিস। তবে দলটির এই ঘোষণা শিগগিরই পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। কারণ দেশটিতে অতীতে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করেছে একটি কমিশন। এই কমিশন তাদের তদন্তে প্রেসিডেন্টের দপ্তর থেকে কতটুকু সহায়তা পাবে, ন্যায় প্রতিষ্ঠায় তা বিবেচ্য।-দ্য ইকনমিস্ট অবলম্বনে।