তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় ভোট হতে পারে। গত রোববার ভোট গ্রহণের পর বুথফেরত জরিপের ফলে এ আভাস মিলেছে। ঐতিহাসিক এই ভোটের ফলাফল কাল বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। খবর এএফপির।
‘আরব বসন্ত’ আন্দোলনের সূচনা হওয়া তিউনিসিয়ায় কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত রোববারের এই ঐতিহাসিক নির্বাচনকে দেশটির গণতন্ত্রে উত্তরণের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তিউনিসিয়ায় ২০১১ সালের আরব বসন্তের পর এটাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন। এতে মোট ২৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুথফেরত জরিপের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেজি কাইদ এসেবসি ৪২ দশমিক ৭ থেকে ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। এসেবসির অন্যতম প্রতিদ্বন্দ্বী বিদায়ী প্রেসিডেন্ট মুনসেফ মারজুকি পেতে পারেন ২৬ দশমিক ৯ থেকে ৩২ দশমিক ৬ শতাংশ ভোট।
কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ডিসেম্বরের শেষের দিকে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।
তিউনিসিয়ার একনায়ক জাইন আল আবেদিন বেন আলীর বিরুদ্ধে ২০১১ সালে গণবিক্ষোভ শুরু হয়। দেশটির গণতন্ত্রকামী মানুষের টানা আন্দোলনের ফলে ওই বছরই পদত্যাগে বাধ্য হন ১৯৮৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা বেন আলী।