তিউনিসিয়ার হামলায় জড়িত সন্দেহে ১২ জন গ্রেপ্তার
তিউনিসিয়ার সুস সৈকতে বিদেশি পর্যটকদের ওপর সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলায় জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর এএফপির।
তিউনিসিয়া সরকারের কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা ওই হামলায় জড়িত লিবিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত দুজনকে খুঁজছেন। এদের সঙ্গেই প্রশিক্ষণ পেয়েছিল সুস সৈকতের মূল হামলাকারী। গত শুক্রবারের ওই হামলায় ৩৮ জন নিহত হয়।
গত মার্চে তিউনিসিয়ার বারদো জাদুঘরে দুই বন্দুকধারী ২১ জনকে হত্যা করে। গতকাল তিউনিসিয়ার সংসদ-বিষয়ক মন্ত্রী লাজহার আকরামি বলেন, উভয় হামলার সঙ্গে জড়িতরা লিবিয়ায় প্রশিক্ষণ পেয়েছিল। এদের মধ্যে দুজন বারদোতে আর একজন সুস সৈকতে হামলা করে।
ইতিমধ্যে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। হামলায় নিহত ৩০ ব্রিটিশের মধ্যে আটজনের লাশ গত বুধবার যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়। বাকিদের লাশ গতকালই পৌঁছার কথা ছিল।