তিউনিসিয়াতেও আইএস!

তিউনিসিয়ায় প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীদের বাসে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির রাজধানীতে গত মঙ্গলবারের ওই হামলায় ১৩ জন নিহত হয়। তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জঙ্গিদের আত্মঘাতী হামলার এটাই প্রথম ঘটনা।
ওই হামলার জের ধরে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। রাজধানীতে জারি করা হয়েছে কারফিউ। এ ছাড়া লিবিয়ার সঙ্গে থাকা সীমান্ত ১৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে দেশটি।
তিউনিসে ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, আত্মঘাতী ওই হামলায় ১০ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে।
এর আগে তিউনিসিয়ায় গত মার্চে বারদো জাদুঘর ও জুনে সুইস হোটেলে বড় ধরনের জঙ্গি হামলা হয়েছিল। ওই হামলার দায়ও স্বীকার করেছিল আইএস।আরও পড়ুন..
তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি