তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি
তিউনিসিয়া সরকার গতকাল বুধবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। রাষ্ট্রপতির নিরাপত্তাকর্মীদের বাসে গত মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১৩ জন নিহতের জেরে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।
গতকাল তিউনিসিয়ায় শহরের সড়কে সড়কে সৈন্যদল ও সশস্ত্র পুলিশ বাহিনীকে টহল দিতে দেখা যায়। পথচারী ও যানবাহনে তল্লাশি চালাতে নিরাপত্তাচৌকি বসানো হয়। এ ছাড়া বাড়তি সতর্কতার অংশ হিসেবে তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া কাউকে ঢোকার অনুমতি দিচ্ছে না নিরাপত্তা বাহিনী।
তিউনিসিয়ার রাজধানীতে আত্মঘাতী হামলার ঘটনা এটাই প্রথম। এ প্রেক্ষাপটে জরুরি নিরাপত্তা বৈঠকের পর প্রধানমন্ত্রী হাবিব এসিদ সাংবাদিকদের বলেন, এবার জঙ্গিরা রাজধানীর কেন্দ্রে এবং রাষ্ট্রীয় প্রতীকে হামলা চালাল। এটি সন্ত্রাসী কর্মকাণ্ডের উত্তরোত্তর বৃদ্ধির ইঙ্গিত বহন করে।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, পেশাগত দায়িত্ব পালনে প্রেসিডেন্টের প্রাসাদে যাওয়ার জন্য প্রহরীরা বাসে উঠেছিলেন। কিন্তু রাজধানীর মোহাম্মদ ভি অ্যাভিনিউতে বাসটি আত্মঘাতী হামলার শিকার হয়। এখন পর্যন্ত মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেনি কেউ।
এর আগে তিউনিসিয়ায় গত মার্চে বারদো জাদুঘর ও জুনে সুইস হোটেলে হামলা হয়েছিল। সেগুলোর দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।