ত্রিপোলি বিমানবন্দরের দখল হাতবদল হয়েছে
লিবিয়ায় মিসরাতা ও অন্যান্য শহর থেকে আসা কট্টর ইসলামপন্থী সশস্ত্র মিলিশিয়াদের একটি জোট রাজধানী ত্রিপোলির আন্তর্জাতিক বিমানবন্দর গত শনিবার দখল করে নিয়েছে। প্রায় মাসব্যাপী লড়াইয়ের পর তারা বিমানবন্দরটি দখলে নিল। এ ঘটনার কঠোর নিন্দা করে লিবিয়ার পার্লামেন্ট দখলকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
ত্রিপোলি বিমানবন্দর তিন বছর ধরে জিনতান এলাকার মিলিশিয়া বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। শনিবার তা দখল করে নেওয়া ইসলামপন্থী মিলিশিয়াদের সংগঠনটির নাম ফজর লিবিয়া। এ সংগঠনের একজন মুখপাত্র বলেন, তাঁদের একাধিক অবস্থানে গত শুক্রবার রাতে যুদ্ধবিমান থেকে হামলা হয়। এতে ১৩ জন নিহত হয়েছে। সংঘাতে বিমানবন্দরটিতে লাখ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়।
লিবিয়ার ইসলামপন্থী মিলিশিয়াদের বিভিন্ন অবস্থানে বিমান হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে মিসরের বিরুদ্ধে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
লিবিয়ায় প্রতিপক্ষ সংগঠনগুলোর মধ্যে সহিংসতা সম্প্রতি বেড়েছে। এসব যোদ্ধাই ২০১১ সালে দেশটির প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করে।