ত্রুটির কারণে দ্বিতীয় দিন ভোট গ্রহণ নাইজেরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো ভোট নেওয়া হয়েছে। নতুন প্রযুক্তির কারিগরি ত্রুটির কারণে শনিবার অনেক জায়গায় ভোট নেওয়া যায়নি। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
প্রায় ৩০০টি ভোটকেন্দ্রে গতকাল আবার ভোট নেওয়া হয়। বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য তাঁদের আঙুলের ছাপ শনাক্ত করার যন্ত্রে নিবন্ধন করাতে হয়। এ জন্য ভোটকেন্দ্রে ব্যবহৃত একটি বিশেষ কার্ড যন্ত্রে প্রবেশ করানোর পর গত শনিবার ঠিকমতো কাজ করেনি।
প্রেসিডেন্ট জোনাথন গুডলাকের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ওই প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা করেছে। তাদের অভিযোগ, ভোটকেন্দ্রে প্রয়োগ করার আগে এগুলো নিয়ে যথেষ্ট পরীক্ষা চালানো হয়নি। তবে প্রধান বিরোধী দল ওই প্রযুক্তি ব্যবহারের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, এ ব্যবস্থায় জালিয়াতির সুযোগ থাকবে না।
প্রেসিডেন্ট জোনাথনের নির্বাচনী মুখপাত্র ফেমি ফানি-কায়োদ শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের (আইএনইসি) প্রধান আতাহিরু জেগার পদত্যাগের দাবি জানান। ভোট গ্রহণে কারিগরি ত্রুটির বিষয়ে দুঃখ প্রকাশ করে জেগা বলেন, সার্বিক ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ছিল।
প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক শাসক মোহাম্মাদু বুহারির মধ্যে এবারের নির্বাচনে জোর লড়াই হচ্ছে। প্রথম দিনে কয়েকটি স্থানে সন্দেহভাজন জঙ্গি হামলায় অন্তত ২০ জন নিহত হয়।