দ. আফ্রিকায় আবার বিদেশিদের দোকান ও বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-আফ্রিকায় বিদেশিদের মালিকানার দোকানে হামলা ও লুটের ঘটনা অব্যাহত রয়েছে। এই সহিংসতাকে দুঃখজনক আখ্যা দিয়ে পার্লামেন্টে প্রেসিডেন্ট জ্যাকব জুমা বৃহস্পতিবার হামলা বন্ধের আহ্বান জানান। কিন্তু সে রাতেও এ ধরনের ঘটনা ঘটে। খবর রয়টার্স ও বিবিসির।
বৃহস্পতিবার রাতে পূর্ব জোহানেসবার্গে বিক্ষুব্ধ লোকজন বিদেশিদের মালিকানাধীন দোকানে লুটপাট শুরু করেন। এ সময় বিদেশিদের ব্যবহৃত একটি গাড়ি ও একটি বাড়িতেও তাঁরা আগুন ধরিয়ে দেন।
বিদেশিদের ওপর হামলার প্রতিবাদে উপকূলীয় শহর ডারবানে কয়েক হাজার মানুষের বিক্ষোভের মাত্র কয়েক ঘণ্টা পরই এসব হামলা হলো।
পুলিশ জানায়, তারা ১২ জন হামলাকারীকে আটক করেছে। এ সময় প্রায় ২০০ বিদেশি নাগরিক থানায় আশ্রয় নেন।
দা আকৃতির ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জড়ো হন একদল বিদেশি। তবে পুলিশ তাঁদেরও ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার পার্লামেন্টে জ্যাকব জুমা বলেন, ‘যতই হতাশা ও ক্ষোভ থাকুক বিদেশিদের ওপর হামলা এবং তাঁদের মালিকানাধীন দোকান লুটের ঘটনা যুক্তিসংগত হতে পারে না।’
সাম্প্রতিক কয়েক সপ্তাহে বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে চালানো হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হন। দক্ষিণ আফ্রিকার স্থানীয় কৃষ্ণাঙ্গদের অভিযোগ, বিদেশি নাগরিকদের জন্য তাঁদের কাজের সুযোগ কমে গেছে। উল্লেখ্য, দেশটিতে এখন বেকারত্বের হার ২৪ শতাংশ।
দেশটির অনেক মানুষই বিদেশিদের ওপর একের পর এক হামলার ঘটনায় বিব্রত। শিগগিরই এমন হামলা বন্ধ হবে বলে তাদের প্রত্যাশা।