দ. আফ্রিকায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত অভিবাসীদের ওপর হামলার প্রতিবাদে দেশটির পূর্বাঞ্চলীয় শহর ডারবানে বিক্ষোভ হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। একই দিন দেশটির পুলিশ এ ধরনের সহিংসতা বন্ধের অঙ্গীকার করে। খবর বিবিসি ও এএফপির।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। গত সপ্তাহেই বিভিন্ন হামলায় অন্তত ছয়জন নিহত হন। একই সময়ে দেশটির বিভিন্ন শহরে অভিবাসীদের মালিকানাধীন অনেক দোকানপাট ও ঘরবাড়ি লুট হয়েছে। অভিবাসীরা কাজের ক্ষেত্র দখল করে নিচ্ছেন—এমন অভিযোগে স্থানীয় লোকজন এসব হামলা চালান। দেশটির জাতীয় পুলিশ কমিশনার জেনারেল রিয়াহ ফিয়িগা এক বিবৃতিতে বলেছেন, কোনো অবস্থাতেই আইনহীনতা সহ্য করা হবে না।
উপকূলীয় শহর ডারবানে গত কয়েক সপ্তাহে বিদেশিদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় দেশটিতে অভিবাসীদের মাঝে ভয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যান্য শহরেও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। জোহানেসবার্গে রাতভর লুটের ঘটনা ঘটেছে। হামলা ও লুটপাটের ভয়ে বিদেশি নাগরিকেরা তাঁদের মালিকানাধীন দোকান খুলছেন না।
দক্ষিণ আফ্রিকায় ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ বর্ণবাদী শাসনের অবসানের পর থেকে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে লাখ লাখ লোক কাজের খোঁজে দেশটিতে পাড়ি জমান। দেশটির কৃষ্ণাঙ্গ নাগরিকদের অভিযোগ, বিদেশিদের আগমনে তাঁদের কাজের সুযোগ কমে গেছে।