দ. আফ্রিকায় বিদেশিবিরোধী সহিংসতায় গ্রেপ্তার ৩০৭
দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।
গতকাল রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় ৩০৭ ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মালুসি গিগাবা।
সহিংসতায় জড়িত ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তায় মন্ত্রী বলেন, সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
গত দুই সপ্তাহে দেশটিতে বিদেশিবিরোধী সহিংসতায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এই সময়ে দেশটির বিভিন্ন শহরে অভিবাসীদের মালিকানাধীন অনেক দোকানপাট ও ঘরবাড়িতে হামলা-লুটপাট হয়েছে।
হামলা ও লুটপাটের মুখে হাজারো অভিবাসী তাঁদের ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বিদেশিবিরোধী সহিংসতা বন্ধের আশ্বাস দিয়েছেন। সহিংসতার কারণে তিনি গতকাল ইন্দোনেশিয়া সফর বাতিল করে ডারবানে শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।
১৯৯৪ সালে বর্ণবাদী শ্বেতাঙ্গদের শাসনের অবসানের পর বিশেষ করে আফ্রিকা ও এশিয়া থেকে বিপুলসংখ্যক অভিবাসী দক্ষিণ আফ্রিকায় গিয়েছে। স্থানীয় নাগরিকদের অভিযোগ, বিদেশিরা তাদের চাকরি নিয়ে নিচ্ছে।
বিদেশিবিরোধী সহিংসতার জন্য দক্ষিণ আফ্রিকার জুলু সম্প্রদায়ের প্রথাগত নেতা গুডউইল জুয়েলিথিনির বক্তব্যকে ব্যাপকভাবে দায়ী করা হচ্ছে। গত মাসে এক ভাষণে তিনি অপরাধের হার বৃদ্ধির জন্য বিদেশিদের নিন্দা করে বলেন, ‘তাদের অবশ্যই তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে হবে।’