দ. সুদানে গৃহযুদ্ধ অবসানে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী কমান্ডার রিক মাচার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে এক চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আলোচনার পর তাঁরা যুদ্ধবিরতির ওই চুক্তিতে স্বাক্ষর করেন। ভবিষ্যৎ সরকার এবং ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। খবর বিবিসি ও রয়টার্সের।

নতুন দেশ দক্ষিণ সুদানে ২০১৩ সালে গৃহযুদ্ধের সূচনা হয়। এ যুদ্ধে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগেও যুদ্ধবিরতি চুক্তি হলেও তা স্থায়ী হয়নি।

আফ্রিকার বাণিজ্যিক জোট ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্টের (আইজিএডি) একজন মধ্যস্থতাকারী সেয়ুম মেসফিন বলেন, ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি আজ (সোমবার) সকালেই হচ্ছে বলে আশা করা হচ্ছে।’

আলোচনায় উপস্থিত থাকা আফ্রিকার দুজন কূটনীতিক রয়টার্সকে বলেন, প্রস্তাব হয়েছে, সালভা কির নতুন সরকারের প্রেসিডেন্ট থাকবেন এবং রিক মাচার ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হবেন। ক্ষমতার ভাগাভাগি আয়োজনের জন্য দলগুলোকে সময় দিতে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আলোচনা স্থগিত রাখা হবে। আগামী ৫ মার্চের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

২০১১ সালে সুদান থেকে পৃথক হয়ে বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদানের জন্ম হয়। তখন থেকেই সালভা কির দেশটির নেতৃত্ব দিচ্ছেন। ২০১৩ সালের জুলাইয়ে সালভা কির ভাইস প্রেসিডেন্ট মাচারসহ পুরো মন্ত্রিসভা বরখাস্ত করেন। এর পর থেকে দক্ষিণ সুদানে সহিংসতা শুরু হয়। সালভা কির মাচারের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগ তুললেও মাচার এ অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়তে বিদ্রোহী বাহিনী গঠন করেন। দুই পক্ষের যুদ্ধে ১০ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। মূলত প্রেসিডেন্ট সালভা কিরের দিংকা সম্প্রদায় এবং মাচারের নুয়ের সম্প্রদায়ের মধ্যে ওই সংঘর্ষ হয়।