দক্ষিণ আফ্রিকা ছাড়তে পারবেন না বশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর আল বশির
ওমর আল বশির

দক্ষিণ আফ্রিকার একটি আদালত গতকাল রোববার সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের সে দেশ ত্যাগ নিষিদ্ধ করে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন। আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলনে যোগ দিতে যাওয়া বশিরকে গ্রেপ্তারের জন্য এর আগেই দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। খবর এএফপি ও বিবিসির।
সুদানের দারফুরে সংঘটিত সহিংসতার সূত্রে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে ওমর আল বশিরের বিরুদ্ধে। প্রেসিডেন্ট বশিরকে গ্রেপ্তার করার আবেদন করে আইসিসির এক বিবৃতিতে বলা হয়, তাঁকে গ্রেপ্তার করতে দক্ষিণ আফ্রিকার ‘কোনো চেষ্টাই উপেক্ষা করা উচিত নয়’।
এই প্রেক্ষাপটে জোহানেসবার্গের একটি আদালত বলেন, বশিরকে দ্য হেগে আইসিসির কাছে তুলে দেওয়ার আবেদন গৃহীত হবে কি না, তার শুনানি না হওয়া পর্যন্ত তিনি সে দেশ ছাড়তে পারবেন না। গতকালই এ শুনানি হওয়ার কথা। সুদানের সুনা বার্তা সংস্থার খবরে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট বশিরের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা আছেন।
আফ্রিকান ইউনিয়ন অভিযোগ করে আসছে, পক্ষপাতমূলকভাবে, বিশেষ করে এই মহাদেশের কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে এইউ এবং আইসিসির মধ্যে উত্তেজনা চলছে। এর আগে এইউ ক্ষমতাসীন রাষ্ট্র বা সরকারপ্রধানদের বিরুদ্ধে বিচারকাজ শুরু না করতে আইসিসির প্রতি আবেদন করেছিল।
আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। আদেশ পালনের জন্য তাদের সদস্যরাষ্ট্রগুলোর ওপরই নির্ভর করতে হয়। রোম সংবিধি অনুসারে গঠিত আইসিসি। এতে স্বাক্ষরকারী দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা তাদের দেশে বশির পা ফেলামাত্র তাঁকে গ্রেপ্তারে বাধ্য। তবে এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। যদিও আইসিসির প্রেসিডেন্ট সিদিকি কাবা এই বলে সতর্ক করে দিয়ে বলেছেন, দক্ষিণ আফ্রিকা বশিরকে গ্রেপ্তার না করলে এর ফল খুব খারাপ হবে।

প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে আইসিসির সমন জারির পর তাঁর বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রিত হয়ে যায়। তিনি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বন্ধুভাবাপন্ন দেশ ছাড়া অন্য কোথাও যান না। তবে বরাবর যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।