দক্ষিণ আফ্রিকায় বিভক্তিতে 'আহত' এএনসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার জাতীয় রাজনীতিতে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) প্রভাব ও জনপ্রিয়তা কমছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই বড় রাজনৈতিক দলটি এখন ‘আহত’ অবস্থায় রয়েছে।
দুই দশক আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়। ওই নির্বাচনের পর থেকে দোর্দণ্ড প্রতাপে দেশটিতে রাজনীতি করে আসছে দলটি। ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় আছে। কিন্তু গত দুটি নির্বাচনে তাদের আসন কমেছে।
অর্থনৈতিক অচলাবস্থা, দুর্নীতিসহ নানা কারণে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় দলটির জনপ্রিয়তা ক্রমশ কমছে। তা ছাড়া আছে দলীয় বিভক্তি।
এএনসির বিপরীতে বাম ও উদার ডানপন্থীদের জনপ্রিয়তা বাড়ছে। এর মধ্যে রয়েছে গত বছর প্রতিষ্ঠিত বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)। মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দলটি ৬ শতাংশ ভোট পেয়েছে। এএনসির মধ্যেও নতুন এই দলটির প্রতি ব্যাপক সহানুভূতি রয়েছে।
দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব মেটালওয়ার্কাস অব সাউথ আফ্রিকা (এনইউএমএসএ) নতুন দল গঠন পারতে পারে। এই দলটি ইএফএফের শ্রমিক সংগঠন হিসেবে আবির্ভূত হতে পারে। এএনসির গলার আরেকটি কাঁটার নাম কংগ্রেস অব সাউথ আফ্রিকান ট্রেড ইউনিয়নস (সিওএসএটিইউ)।
শ্বেতাঙ্গ নারী হেলেন জিলের নেতৃত্বাধীন দেশটির বর্তমান বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। গত নির্বাচনে এই জোট ২২ শতাংশ ভোট পেয়েছে। আগের নির্বাচনে তা ছিল ১৭ শতাংশ।
নানা কারণে এএনসির জনপ্রিয়তা ক্রমশ পড়তি দিকে থাকলেও এতে পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ২০১৯ সালে তাঁর মেয়াদ শেষ হবে। কিন্তু মেয়াদ পূর্তির আগেই প্রেসিডেন্টের উত্তরসূরি নিয়ে আলোচনা হচ্ছে।
উত্তরসূরি হিসেবে জুমার পছন্দ তাঁর সাবেক স্ত্রী এনকোসাজানা দালামিনি-জুমাকে। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়ন কমিশনের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। এমনটা হলে তা জুমার জন্য ভালো। কিন্তু এএনসির সুনাম পুনরুদ্ধারের প্রশ্নটি রয়েই যায়।