দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্লামেন্ট ভবনে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি
ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে দেশটির পার্লামেন্ট ভবনে আজ রোববার আগুন লেগেছে। ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিবেদকেরা এ তথ্য জানান। বাংলাদেশ সময় আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে দেশটির অগ্নিনির্বাপণকর্মীদের পার্লামেন্ট ভবনের বড় অগ্নিশিখা ও ধোঁয়া নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।

কেপটাউনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, ভবনের ছাদে আগুন লেগেছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও আগুন দেখা যাচ্ছে। অগ্নিনির্বাপণের জন্য আরও লোকবল চেয়ে তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ছবিতে পার্লামেন্টের ভবনগুলোর একটির ছাদের অনেক দিক থেকে আগুন ও ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়। তবে ভবনটিতে আগুনের সূত্রপাত্র কীভাবে হলো, তা এখনো জানা যায়নি।

কেপটাউনের ওই পার্লামেন্টে মূলত তিনটি ভাগে একাধিক ভবন রয়েছে। এর মধ্যে রয়েছে প্রথম ও সবচেয়ে পুরোনো একটি ভবন। ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনের বাকি দুটি অংশের মধ্যে একাংশ গত শতকের বিশের দশকে এবং অপর অংশটি আশির দশকে নির্মাণ করা হয়েছিল।

গত বছরের এপ্রিলে ইউনিভার্সিটি অব কেপটাউনের পাঠাগারের একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে সংরক্ষিত ছিল আফ্রিকার স্বতন্ত্র অনেক প্রকাশনা।