দক্ষিণ আফ্রিকার সরকারি দলের নেতা গ্রেপ্তার নিয়ে ধোঁয়াশা
দক্ষিণ আফ্রিকার পুলিশের বিশেষায়িত বিভাগ হকস বলেছে, তাঁরা ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) মহাসচিব এইস মাগাশুলের গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে অবগত নয়। এর আগে দেশটির গণমাধ্যমে একাধিক প্রতিবেদনে মাগাশুলকে গ্রেপ্তার করা হতে পারে বলে প্রতিবেদন প্রকাশিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হকসের মুখপাত্র হ্যাংওয়ানি মুলাউদজি গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেন, মাগাশুলের গ্রেপ্তারের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে তারা মন্তব্য করবে না। হকসের ভাবমূর্তি নষ্ট করতে এ ধরনের খবর প্রকাশ করা হচ্ছে বলে মনে করেন মুলাউদজি।
দক্ষিণ আফ্রিকার অনলাইন দ্য ইনডিপেনডেন্ট মিডিয়া বলেছে, মাগাশুলেকে আটক করা হতে পারে এবং এস্তিনা ডায়রি প্রকল্প নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, মাগাশুলে তাদের কাছে গ্রেপ্তার নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। সময় এলে গণমাধ্যমকে বিষয়টি জানানোর কথা বলেছেন।
এস্তিনা ডায়রি প্রকল্পটি স্থানীয় কমিউনিটির মানুষের উন্নয়নে কাজ করার জন্য গৃহীত হয়। অভিযোগ উঠেছে, প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ অবৈধভাবে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে গেছে। তাঁদের মধ্যে একজন হলেন ব্যবসায়ী অতুল গুপ্ত। ওই ব্যবসায়ীর সঙ্গে ছিলেন মাগাশুলে। ওই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ দুজন উপস্থিত ছিলেন। তবে গুপ্ত ও মাগাশুলে সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
মাগাশুলের গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। গ্রেপ্তার হলে তাঁকে ক্ষমতাসীন এএনসির মহাসচিবের পদ হারাতে হবে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় দুর্নীতি অভিযোগে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের পর মাগাশুলের গ্রেপ্তার হতে পারেন এমন খবর চাউর হয়।
ব্যাপক দুর্নীতির অভিযোগে দেশে প্রেসিডেন্টের সিরিল রামফোসার বিশ্বাসযোগ্যতা এবং বিদেশে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। অথচ দেশে দুর্নীতি কমিয়ে স্বচ্ছতা বাড়ানোর কথা বলে ক্ষমতায় এসেছিল তাঁর সরকার।
মার্চ মাস থেকে দক্ষিণ আফ্রিকায় কঠোর লকডাউন শুরু হয়। দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। স্কুল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় থেকে আয় বন্ধ হয়ে লোকজন ও পরিবারকে খাদ্যসহায়তার নামে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে হইচই শুরু হয়।
স্থানীয় সরকারের কর্মকর্তারা গরিব পরিবারের জন্য দেওয়া অনুদান ও খাদ্য বিক্রি করে দেয়। কয়েকটি হাসপাতাল থেকে অভিযোগ জানানো হয়, সরকারিভাবে কেনা মাস্ক, গাউন, পিপিই স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছায়নি। এরপরই আরও বড় দুর্নীতির খবর চাউর হয়। মোট ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের ত্রাণ প্যাকেজ গায়েব হয়ে যায়। নতুন করে বেকার হয়ে পড়া দক্ষিণ আফ্রিকার নাগরিকদের যে অর্থ সাহায্য দেওয়ার কথা ছিল তাঁরা তা পাননি। কেন পাননি তাঁরা কেউ জানেন না।
তদন্তে বেরিয়ে আসে করোনোভাইরাসের জন্য প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি কেনার যেসব টেন্ডারে রথী-মহারথী যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছেন ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) মহা সচিব এইস মাগাশুলে ও শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বান্দিলে মাসুকুর নাম।