দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী ব্যারাকে ফিরল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় দক্ষিণ আফ্রিকায় সেনাদের ব্যারাকে ফেরানো হয়েছে।
ছবি: এএফপি

করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় দক্ষিণ আফ্রিকায় সেনাদের ব্যারাকে ফেরানো হয়েছে। লকডাউন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয় দেশটিতে।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা মার্চ মাসের শেষদিকে করোনাভাইরাস সংক্রমণরোধে প্রাথমিকভাবে ২ হাজার ৮২০ জন সেনা মোতায়েন করেন। একমাস পরে তিনি লকডাউন জোরদার করতে অতিরিক্ত ৭৩ হাজার সেনা মোতায়েন করেন।

এএফপির খবরে জানা যায়, দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষাবাহিনী স্থানীয় সময় শুক্রবার জানায়, সেনা মোতায়েনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানায়, করোনা প্রতিরোধে সেনারা সফল অভিযান চালিয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষাবাহিনী আরও জানায়, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঘাঁটিতেই থাকবে সেনাবাহিনী। করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ এলে সেনাবাহিনী আবার মোতায়েন করা দরকার হতে পারে বলে জানায় প্রতিরক্ষাবাহিনী।

স্বাস্থ্যসেবায় সহায়তা করতে দেশটির বেশ কয়েকটি সরকারি হাসপাতালে সেনা চিকিৎসা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। লকডাউনের নিয়ম মানতে বেশি কড়াকড়ি আরোপের অভিযোগ রয়েছে নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
এএফপির হিসাবে দক্ষিণ আফ্রিকায় ৬ লাখ ৭৬ হাজারের বেশি করোনায় সংক্রমিত। মারা গেছে ১৬ হাজার ৮৬৬ জন।