দক্ষিণ আফ্রিকায় পৌর নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় আজ বুধবার স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ হবে। জনমত জরিপ বলছে, ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এবারের পৌর নির্বাচনে বড় শহরগুলোর নিয়ন্ত্রণ হারাতে পারে। ২২ বছর আগে দেশটিতে বর্ণবাদী বৈষম্যের অবসানের পর এবারই নির্বাচনে এএনসি সবচেয়ে বেশি নাজুক অবস্থায় রয়েছে।
অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত নগর জোহানেসবার্গ, রাজধানী প্রিটোরিয়া এবং পূর্ব উপকূলের নেলসন ম্যান্ডেলা বে শহরে পরাজয়ের আশঙ্কা রয়েছে এএনসির। তবে দলটির নিজস্ব জরিপ বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও এএনসিই জিতবে। দলটির জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) এবং এএনসির সাবেক যুবনেতা জুলিয়াস মালেমার কট্টর বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)। এবারের পৌর নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ২ কোটি ৬৩ লাখ। আর প্রতিদ্বন্দ্বিতাকারী মোট রাজনৈতিক দল ২০৪টি।
এবারের পৌর নির্বাচনকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার জনপ্রিয়তা যাচাইয়ের গণভোট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত এ দেশটির অর্থনীতি এবং উন্নয়নের গতি থমকে আছে। জুমার দল এএনসি এখন সংখ্যাগরিষ্ঠ ২৭৮টি পৌর পরিষদ নিয়ন্ত্রণ করছে। তবে দুর্নীতির নানা কেলেঙ্কারি আর জনমনে অসন্তোষ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দলটির অবস্থান দুর্বল হয়েছে। ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বর্ণবাদী শাসন অবসানের পর থেকে একটানা ক্ষমতায় রয়েছে এএনসি। সরকারের বিরুদ্ধে অভিযোগ, তারা বিদ্যুতের মতো মৌলিক সেবা দরিদ্র জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে।