দক্ষিণ সুদানে আবার তীব্র লড়াই শুরু হয়েছে। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের অনুগত বাহিনীর মধ্যকার এ লড়াইয়ে গত শুক্রবার থেকে দুই শতাধিক লোক নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে জাতিসংঘের বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছেন অনেকে।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় অবিলম্বে লড়াই থামানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
লড়াইয়ের সর্বশেষ অবস্থা নিয়ে দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে বিবিসির একজন সংবাদদাতা গতকাল সোমবার বলেন, শহরজুড়ে গুলিবিনিময় ও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। লড়াইয়ে ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে।
লড়াইয়ে শুক্রবার থেকে ২০০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিবদমান পক্ষগুলোর প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পর লড়াই আরও জোরালো হয়। চীনের গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির দুজন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। বেশ কিছু বেসামরিক লোক লড়াইয়ে পড়ে হতাহত হয়েছেন।
জুবা থেকে জাতিসংঘের মুখপাত্র শান্তাল পারসাউদ বলেন, গত কয়েক দিনের লড়াইয়ে বাস্তুচ্যুত হওয়া অনেকে জাতিসংঘের বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছেন।
দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাইকেল মাকুয়েই বিবিসিকে বলেন, পরিস্থিতি ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’ রয়েছে। যাঁরা পালিয়েছেন তাঁদের বাড়িঘরে ফেরা উচিত। তবে ভাইস প্রেসিডেন্টের সামরিক মুখপাত্র উইলিয়াম গাটজিয়াথ সহিংসতার জন্য প্রেসিডেন্টের অনুগত কর্মকর্তাদের দায়ী করে বলেন, তাঁরা মিথ্যা বলছেন। রোববারও অন্তত ১০ ঘণ্টা লড়াই হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের অযোগ্য। কেননা, সালভা কির ও তাঁর অনুগত বাহিনী শান্তিচুক্তি মানতে প্রস্তুত নয়।
লড়াইয়ের মধ্যে শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে বৈঠক করেছেন প্রেসিডেন্ট সালভা কির ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রায়েক মাচার। পরে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তাঁরা। আহ্বানের পরদিন দৃশ্যত শান্ত অবস্থা পরিলক্ষিত হয়। তবে শনিবার রায়েক মাচারের অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ব্যারাকের কাছে ভারী গোলাগুলি শুরু হয়।
কির ও মাচারের অনুগত সেনাদের মধ্যে রাজধানী জুবায় শুক্রবার বন্দুকযুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে সাম্প্রতিকতম এ লড়াই।
যুদ্ধ বন্ধের আহ্বান: নিরাপত্তা পরিষদ রোববার সর্বসম্মতিক্রমে দেওয়া এক বিবৃতিতে কঠোরতম ভাষায় এ সহিংসতার নিন্দা জানিয়েছে। বিশেষত দেশটিতে জাতিসংঘের স্থাপনাগুলোতে হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে তারা। দক্ষিণ সুদানে আরও শান্তিরক্ষী পাঠানোর আহ্বানও জানিয়েছে পরিষদ।