দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে

দক্ষিণ সুদানে রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপরাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় আজ রোববার পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সেখানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৮ জুলাই) জুবাতে প্রেসিডেন্ট প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্পের কাছে দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপরাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে উভয় পক্ষের প্রায় ১৫০ জন প্রাণ হারায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ এবং থেমে থেমে গোলাগুলি চলছে। দক্ষিণ সুদানে কর্মরত সব বাংলাদেশি শান্তিরক্ষী নিরাপদে আছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১১ সালের ৮ জুলাই সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। পঞ্চম স্বাধীনতা দিবসের দিনে রাজধানীতে প্রেসিডেন্টের প্রাসাদ এবং জাতিসংঘ ক্যাম্পের কাছে দক্ষিণ সুদানের রাষ্ট্রীয় সেনাবাহিনী এবং প্রথম উপরাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আজ রোববার পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই সময় সেখানে প্রেসিডেন্ট সালভা কির এবং তাঁর একসময়ের বিরোধী ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে আলোচনা চলছিল।
সরকারদলীয় এবং বিরোধী আন্দোলনকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে সরকারিভাবে ১০০ জন নিহতের খবর জানানো হয়েছিল। পরে আজ রোববার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।
বিবিসির খবরে বলা হয়েছে, দুদিন আগে সংঘর্ষের সূচনা হলেও এখনো সেখানে গোলাগুলি চলছে। এতে নিহতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় বিদ্রোহী দলগুলো অস্ত্রশস্ত্র নিয়ে এই যুদ্ধে যোগ দেওয়ায় সংকট এবং হতাহতের সংখ্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে।