
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা দীর্ঘদিন ধরে ওঠা দুর্নীতির অভিযোগ এবং নির্বাচনী খারাপ ফলাফলের ব্যাপারে নিজের দলের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। গতকাল শুক্রবার জুমার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জানিয়েছে, দলের সততাবিষয়ক কমিশন আগামী সপ্তাহে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে।
কমিশনের সামনে জ্যাকব জুমার হাজির হওয়ার বিষয়টি আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনের আগে দলের মধ্যে বিভেদ আরও বাড়াতে পারে। ওই সম্মেলনের সময় ৭৪ বছর বয়সী জুমা দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে মনে করা হচ্ছে।
এএনসির মহাসচিব গোয়েদে মানতাশে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি আইসির সঙ্গে বৈঠকে বসবেন।’
মনে করা হচ্ছে সততা কমিশনের সঙ্গে জুমার বৈঠকটি হবে ৩ ডিসেম্বর। এটি হবে রুদ্ধদ্বার বৈঠক।
ইতিপূবে৴ এই কমিশনের সুপারিশের কারণে এএনসির নেতা-কর্মীদের দল থেকে বাদ পড়তে হয়েছে। নিজেদের ভাবমূর্তি রক্ষা ও অনিয়মের অভিযোগ ওঠা নেতাদের বিরুদ্ধে ‘জরুরিভাবে ব্যবস্থা’ নেওয়ার জন্য এএনসি ২০১৩ সালে এই কমিশন গঠন করেছিল। প্রভাবশালী মেইল অ্যান্ড গার্ডিয়ান পত্রিকা গতকাল লিখেছে, বর্ণবাদবিরোধী আন্দোলনের বড় নেতা অ্যান্ড্রু এমলাঙ্গেনির নেতৃত্বাধীন কমিশন জুমাকে বেশ কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারি ও আগস্ট মাসের স্থানীয় নির্বাচনে দলের সবচেয়ে বাজে ফলাফলের ব্যাপারে জিজ্ঞেস করবে। ঠিক কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে—এএনসির মহাসচিব গোয়েদে মানতাশে তা নিশ্চিত করে বলেননি।
বিভিন্ন কেলেঙ্কারিতে আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পায়িত এ দেশের বাজার ধাক্কা খাওয়ার পর এএনসির অনেক নেতা গত কয়েক মাসে জুমাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। একটি দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা সম্প্রতি জুমার বিরুদ্ধে ধনী ঘনিষ্ঠ ব্যক্তিদের বিশেষ সুবিধা দেওয়াসহ নানা অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়।
জুমার সংকটের ঘটনাপ্রবাহ
১৯ মার্চ, ২০১৪: দক্ষিণ আফ্রিকার পাবলিক প্রটেকটরের এক প্রতিবেদনে অভিযোগ—প্রেসিডেন্টের নিরাপত্তায় বরাদ্দকৃত সরকারি তহবিলের ২ কোটি ৩০ লাখ ডলার জ্যাকব জুমা তাঁর ব্যক্তিগত বাড়ির উন্নয়নে ব্যয় করেছেন
৭ মে, ২০১৪: দুর্নীতির অভিযোগের মধ্যেই দক্ষিণ আফ্রিকার নির্বাচনে জুমার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয়ী
২ নভেম্বর, ২০১৬: জুমার বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে পাবলিক প্রটেকটরের প্রতিবেদন প্রকাশ। ৩০ দিনের মধ্যে বিচারকের নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের সুপারিশ
১০ নভেম্বর, ২০১৬: পার্লামেন্টে ২১৪ ভোট পেয়ে বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) আনা এক অনাস্থা প্রস্তাব উতরে যান প্রেসিডেন্ট জুমা। অনাস্থা প্রস্তাবের পক্ষে পড়ে ১২৬ ভোট